নীলফামারীতে শিশুদের ঝুঁকিতে রেখে জরাজীর্ণ ভবনে চলছে জেলা শিশু একাডেমীর কার্যক্রম। খসে পড়ছে ছাদের পলেস্তারা। আর কোনো উপায় না থাকায় সন্তানদের এখানেই পাঠাতে বাধ্য হচ্ছেন অভিভাবকেরা।
১৯৬২ সালে শহরের শাহীপাড়ায় নির্মিত তৎকালীন বিডি হল ও বর্তমান কাজী নজরুল ইসলাম হল নামে পরিচিত ওই ভবনে ১৯৯৪ সালে নীলফামারীতে জেলা শিশু একাডেমীর যাত্রা শুরু হয়।
শিশু একাডেমীর ভবনটি ব্যবহারের অনুপযোগী হলেও সেখানেই নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ চারটি বিষয়ে তিন শতাধিক শিশু নিয়মিত শিক্ষা গ্রহণ করছে। এর বাইরেও সেখানে শিশু বিকাশ ও প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন করে ৬০ জন শিশু শিক্ষা গ্রহণ করছে। এ ছাড়া ঝুঁকির মধ্যেই সেখানে পালন করা হয় সরকারি বিভিন্ন দিবসের কর্মসূচি। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকেরা শিশুদের সেখানে পাঠিয়ে আতঙ্কের মধ্যে থাকেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন ভবন হলে শিক্ষার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
শহরের হাসপাতাল সড়কের অভিভাবক নিলুফার ইয়াসমিন (৩০) বলেন, ‘আমার সাত বছর বয়সী ছেলে আলফিনুরকে এখানে আবৃত্তি ও চিত্রাঙ্কনে ভর্তি করেছি। মাঝেমধ্যে ছাদের পলেস্তারা খুলে পড়ে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভয়ের মধ্যে থাকি। এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান নেই। তাই এখানে দিয়েছি। ভয় পাচ্ছি কিন্তু তাকে তো শেখাতেও হবে।’
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিলীপ কুমার রায় বলেন, ‘আমার ছয় বছরের ছেলে ধ্রুব জ্যোতি রায়কে আবৃত্তিতে ভর্তি করেছি। ভবনটির কারণে সব সময় আতঙ্কে থাকতে হয়।’
শহরের সবুজ পাড়ার অভিভাবক ফেরদৌসি আকতার বলেন, ‘আমার মেয়ে আজমাইন ফায়েক ফিদাকে এখানে চিত্রাঙ্কন ও আবৃত্তিতে ভর্তি করেছি। কিন্তু সব সময় আতঙ্কে থাকি। এ জন্য তাকে নিয়ে আমি নিজে আসি।’ তিনি বলেন, ‘যেখানে বাচ্চাদের শেখানো হয়, সে জায়গাটা নিরাপদ হওয়া দরকার। অনেক দিন ধরে শুনে আসছি ভবনটি ভেঙে নতুন করা হবে, কিন্তু হয় না।’
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এ ভবনে শিশু একাডেমীর কার্যক্রম চলছে। এই ভবনটি ভেঙে এখানে শিশু একাডেমীর নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। জায়গাটি শিশু একাডেমীর নামে রেজিস্ট্রেশন হয়েছে। এখন ভবনটি নির্মাণের প্রস্তাবনা প্ল্যানিং কমিশনে আছে। একনেকের বৈঠকে পাস হলে অর্থ ছাড় করে দরপত্র আহ্বান করা হবে। তিনি বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকেরা তাঁদের বাচ্চাদের পাঠাতে ভয় পান। ভবনটি নতুন হলে শিক্ষার্থীর সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে।