জরাজীর্ণ ভবন ভাঙার কাজ শুরু করেছে সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের বান্ডেল সড়কে সেবক কলোনির একটি চারতলা জরাজীর্ণ ভবন ভাঙার কাজ শুরু করেছে। গতকাল রোববার বিকেলে বুলডোজার দিয়ে ভবনটির একাংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে ভবনে বসবাসকারী ১২টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়। সিটি করপোরেশন সূত্র জানায়, পাকিস্তান আমলে শহরের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীদের বসবাসের জন্য বান্ডেল সড়কে চারতলার এ ভবন নির্মাণ করা হয়। এতে ৪০টি পরিবার বসবাস করে আসছিল। ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর সেখানে ১২টি পরিবার বসবাস করছিল।সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘এখানে বসবাসকারী সবাইকে আমরা আগেই সরিয়ে নিয়েছি। বর্তমানে যারা রয়েছে তারা বহিরাগত। তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’ গতকাল বিকেলে ভবনটির কাছে গিয়ে দেখা যায়, প্রতিটি ছাদ থেকে পলেস্তারা ঝরে পড়ছে। বারান্দার দেয়ালও ভেঙে গেছে। দেয়ালের বিভিন্ন স্থানে ঝোপঝাড় জন্মেছে। সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা বলেন, ‘এখানকার বসবাসকারীদের এর আগে দুবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সরে যায়নি। তাই আমরা তাদের সরিয়ে দিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু করেছি। সিটি করপোরেশন সেখানে নতুন ভবন নির্মাণ করবে।’ নগর কর্তৃপক্ষ জানায়, ভবনটি ভাঙার জন্য এক বছর আগেই একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে।