
ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের কবি জসীমউদ্দীন হলের বেশির ভাগ কক্ষের ছাদে ফাটল দেখা দিয়েছে। প্রায়ই খসে পড়ছে পলেস্তারা। দুই বছর ধরে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটলেও ভবনটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।
ওই হলে বসবাসকারী শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার বিকেলে ৪০৩ নম্বর কক্ষের ছাদের অনেকটা অংশ খসে পড়ে ওই কক্ষের শিক্ষার্থী সুলতান আহমেদের বিছনায়। তবে ভাগ্যক্রমে ওই সময় তিনি কক্ষে না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। ওই ঘটনার আনুমানিক পাঁচ ঘণ্টা পর আবারও একই কক্ষের ছাদের আরও কিছু অংশের পলেস্তারা খসে পড়ে। শিক্ষার্থীরা জানান, এ রকম প্রায়ই হচ্ছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।
গতকাল বুধবার হলের চতুর্থ তলার কয়েকটি কক্ষ ঘুরে দেখা যায়, সব কক্ষের ছাদেই ফাটল। এ কারণে ছাদের সঙ্গে শিক্ষার্থীরা বৈদ্যুতিক পাখা ঝোলাতে পারেন না। বাধ্য হয়ে টেবিল ফ্যান ব্যবহার করেন তাঁরা। শিক্ষার্থীরা জানান, বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে কক্ষে। হলের বারান্দার ছাদেও ফাটল দেখা গেছে। হলটির পাশ দিয়ে গেছে ময়মনসিংহ-জামালপুর রেললাইন। ট্রেন যাওয়ার সময় পুরো ভবন কাঁপে।
গতকাল বেলা ১১টার দিকে ৪০৩ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, পলেস্তারা খসে পড়ে সুলতানের চৌকি ভেঙে গেছে। এ সময় সুলতান আহমেদ বলেন, যে সময় পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে, সাধারণত প্রতিদিন ওই সময় কক্ষেই থাকা হয়। গত মঙ্গলবার বিশেষ দরকারে কক্ষের বাইরে ছিলেন। কক্ষে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
হলের শিক্ষার্থীরা জানান, চতুর্থ তলায় মোট আটটি কক্ষ রয়েছে। কক্ষগুলোতে প্রায় ৪০ জন শিক্ষার্থী থাকেন। বছর খানেক আগে ৪০১ ও ৪০২ নম্বর কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে। ওই সময় থেকেই শিক্ষার্থীরা আতঙ্কে থাকেন। অনেকবার কলেজ কর্তৃপক্ষকে এই আতঙ্কের কথা জানানো হলেও কোনো লাভ হয়নি।
কলেজের উপাধ্যক্ষ গাজী হাসান কামাল বলেন, ‘এক বছর আগে দুটি কক্ষের পলেস্তারা খসে পড়ার পর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আমরা বিষয়টি জানিয়ে সংস্কারের জন্য বলেছি। বহুবার তাগাদা দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেননি।’
অধ্যক্ষ জাকির হোসেন বলেন, গত মঙ্গলবার পলেস্তারা খসে পড়ার খবর পেয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে জানানো হয়েছে। তিনি শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
শিক্ষা প্রকৌশল বিভাগের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী বলেন, ‘এক বছর আগে হলের পলেস্তারা খসে পড়ার পরই আমরা প্রধান প্রকৌশলীর কাছে বরাদ্দের জন্য আবেদন করি। কিন্তু চাহিদার চেয়ে অনেক কম বরাদ্দ পাই। সেই বরাদ্দ দিয়ে আপাতত সংস্কার করা হবে।’