মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের দনাশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আতঙ্কের মধ্যে চলছে পাঠদান। বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হওয়ায় এর তিনটি শ্রেণিকক্ষের মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়েছে।
শ্রেণিকক্ষের অভাবে কখনো গাছতলায়, কখনো বারান্দায় চলছে পাঠদান। এ কারণে শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়েও আতঙ্কে থাকেন অভিভাবকেরা।
স্কুল ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৫৩ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমান ভবনটি ১৯৯৫ সালে নির্মাণ করা হয়েছিল। বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ১৪১ ও শিক্ষক আছেন পাঁচজন। বিদ্যালয়টিতে এলাকার দনাশ্রী, হাসানপুর এবং রায়শ্রী ও মাতারকাপন গ্রামের একাংশের ছাত্রছাত্রীরা পড়ালেখা করে।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ওই ভবনটি জরাজীর্ণ। ভবনটির উত্তর দিকের কক্ষের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। বিমে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় গত বছর মে মাসে এই কক্ষটি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দুটি কক্ষের অবস্থাও ভালো নয়। ছাদ দিয়ে কক্ষের মধ্যে পানি পড়ে। ভবনের মেঝে নিচু হওয়ায় বৃষ্টি হলে বাইরের পানি কক্ষের ভেতরে চলে আসে। ভবন ভেঙে পড়ার ভয়ে এলাকার অনেক অভিভাবক তাঁদের ছেলেমেয়েদের পাশের বিদ্যালয়ে পাঠিয়ে দিচ্ছেন। বিদ্যালয়ের একমাত্র শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের বারান্দায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াচ্ছেন সহকারী শিক্ষিকা সীমা চক্রবর্তী। এ সময় কথা হয় কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে। তাঁরা জানান, পঞ্চম শ্রেণির কক্ষটি বন্ধ করে দেওয়ার পর থেকে প্রাক্-প্রাথমিক থেকে দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শুকনো মৌসুমে গাছতলায় ও বর্ষায় বারান্দায় পাঠদান করানো হচ্ছে। এ জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে কেনা মাদুরে বসেই চলে পড়ালেখা। কিন্তু পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের লেখালেখির কাজ থাকে বলে মাঝেমধ্যে ঝুঁকি নিয়েই বন্ধ কক্ষ খুলে পাঠদান করা হয়।
সীমা চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘ঝড় শুরু হলেই আতঙ্কে থাকি। বাচ্চারা খুব ভয় পায়। নিজেরাও ভয় পাই। কয়েক দিন আগে ভূমিকম্প হলে সবাই ছুটে বাইরে চলে গেছি।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরা খাতুন গত মঙ্গলবার প্রথম আলোকে জানান, কয়েক দিন আগে স্কুলে প্রথম সাময়িকী পরীক্ষা হলো। শিক্ষার্থীদের উত্তরপত্র ছাদ দিয়ে পড়া বৃষ্টির পানিতে ভিজে গেছে। ছাত্রদের বৃষ্টির পানি থেকে রক্ষা করতে পরীক্ষার সময় এক স্থান থেকে আরেক স্থানে সরাতে হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তপন কুমার দেব জানান, বিদ্যালয় ভবনটি নির্মাণের পাঁচ-সাত বছর পর থেকেই প্লাস্টার খসে পড়া শুরু হয়। দু-তিন বছর আগে কিছু সংস্কার করা হয়েছিল। এ ছাড়া কিছু হচ্ছে না। বৃষ্টি হলে বাচ্চারা আসতে চায় না। বিভিন্ন সময় বিদ্যালয় ভবন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অনেকে দেখে গেছেন। এর পরও কিছু হচ্ছে না। লিখিতভাবেও কর্তৃপক্ষকে জানিয়েছি। ভবনের কারণে ছাত্রদের উপস্থিতি কমে যাচ্ছে।
হাসানপুর গ্রামের একজন অভিভাবক অনু মিয়া বলেন, ‘আমার বাড়িরই সাত-আটজন বাইচ্চা এই স্কুলে আয়। কিন্তু তারা স্কুলে আইতো চায় না। কয় চাড়িয়া (ভেঙে) পড়ি যাইব। আতঙ্কে অনেক ছাত্র আয় না। আমরাও তাদের পাঠাইয়া ভয়ে থাকি।’
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী বলেন, ‘আমরা বারবার অধিদপ্তরে লিখতেছি। একটা কক্ষ বন্ধ রাখা হয়েছে। নতুন ভবন হবে। কিন্তু কখন হবে, সেটা জানি না। আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কথা বলেছি।’
সদর উপজেলা প্রকৌশলী আবদুল বারেক বলেন, ‘শিক্ষা কর্মকর্তা ভবনটির কথা জানিয়েছেন। আমি, ইউএনও ও শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শনে যাব।’