জরাজীর্ণ ভবনে চলছে সেনবাগ উপজেলা প্রশাসনের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরাজীর্ণ ভবনে চলছে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম। এক বছরের বেশি সময় আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও অদ্যাবধি নতুন পরিষদ কমপ্লেক্স নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ভবনে অবস্থিত সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকেন।সরেজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহূত সেনবাগ ইউটিডিসি-১ (উপজেলা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার) ভবনের নিচতলার দক্ষিণাংশে একাধিক পিলার, ওপরের বিমের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। একই সঙ্গে নিচতলা ও দ্বিতীয় তলার ছাদের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। নিচতলায় নির্বাহী কর্মকর্তার প্রধান সহকারীর কক্ষের একাধিক স্থানে এরই মধ্যে ছাদের পলেস্তারা খসে পড়ে রড দেখা যাচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে ওই ভবনে কর্মরত একাধিক কর্মচারী বলেন, মাঝেমধ্যেই ছাদ থেকে আস্তর খসে পড়ে। তাই সব সময় ভয়ের মধ্যে থাকতে হয়, না-জানি কখন মাথার ওপর ছাদ ভেঙে পড়ে। তাঁরা জানান, অনেক আগে থেকেই ভবনটি ঝুঁকিপূর্ণ। কিন্তু এ নিয়ে যেন কারও মাথাব্যথা নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৭ অক্টোবর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় জরাজীর্ণ ভবনটির বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উপজেলা প্রকৌশলীদের মতামত অনুযায়ী, ত্রুটি মেরামত করেও ভবনটি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে বলে জানানো হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণার জন্য জেলা কনডেমনেশন কমিটিতে পাঠানো হয়।জেলা কমিটির সভায়ও ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু এরই মধ্যে এক বছর অতিবাহিত হলেও এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, ভবনটি প্রায় ৫০ বছরের পুরোনো। অনেক আগেই ভেঙে নতুন ভবন করা উচিত ছিল। তিনি যোগদান করার পর ভবনের দুরবস্থা দেখে এ বিষয়ে লেখালেখি শুরু করেন। তবে, এখনো তার ফল পাওয়া যায়নি।জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলা পরিষদের প্রস্তাবটি জেলা কনডেমনেশন কমিটিতে অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।