জরাজীর্ণ ভবনে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে বড় বড় ফাটল ধরেছে। খসে পড়ছে পলেস্তারা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে বড় বড় ফাটল ধরেছে। খসে পড়ছে পলেস্তারা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চলছে ফাটল ধরা ভবনে। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া জনবল ও পানির সংকটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছে রোগীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সূত্রে জানা যায়, ১৯৭৯ সালে শরণখোলায় ৩১ শয্যাবিশিষ্ট পল্লি স্বাস্থ্যকেন্দ্র হিসেবে দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। ২০১৩ সালে এটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হয়। মূল ভবনের পাশে বহির্বিভাগসহ ১৯ শয্যার আরেকটি ভবন নির্মাণ করা হয়। এদিকে পুরোনো ভবনে ফাটল দেখা দেওয়ায় চলতি বছরের এপ্রিল মাসে রোগীদের ১৯ শয্যার ওই ভবনে স্থানান্তর করা হয়। কিন্ত সেটিতেও পানির ব্যবস্থা নেই। এ কারণে আবার পুরোনো ভবনে রোগীপদের রাখা হচ্ছে।
এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ নয়টি। আছেন দুজন। হাসপাতালে ১৫ জন সেবিকার জায়গায় আছেন ১০ জন। এখানে কোনো ফার্মাসিস্ট, গুদাম রক্ষক, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) নেই। তৃতীয় শ্রেণির কর্মচারী ৭৬ জন থাকার কথা। আছেন ৫১ জন। চতুর্থ শ্রেণির ২০ জন কর্মচারীর জায়গায় আছেন ১৫ জন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের পুরুষ ও মহিলা ওয়ার্ডে বিরাট ফাটল। ঝুঁকিপূর্ণ এই ভবনে প্রায় ৪০ জনের মতো রোগী গাদাগাদি করে আছেন। অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রসারিত নতুন ভবনে পানির সংযোগ নষ্ট। কোনো গোসলখানা ও শৌচাগারে পানি নেই। শৌচাগার চরম দুর্গন্ধ ও নোংরা।
চিকিৎসা নিতে আসা তাফালবাড়ী গ্রামের ফিরোজ শেখ বলেন, ‘ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। চারদিকে বড় বড় ফাটল। খুব ভয়ের মধ্যে আছি।’ হাসপাতালে ভর্তি সন্ন্যাসী গ্রামের আরজুল হক হাওলাদার জানান, তিন দিন আগে তিনি এখানে ভর্তি হয়েছেন। পানির লাইন নষ্ট। শৌচাগারে যাওয়ারও পানি নেই।
স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা সোনালী হালদার বলেন, ‘হাসপাতালে নিয়মিত ৪০-৪৫ জন রোগী ভর্তি থাকেন। রোগী কয়েকজন বাড়লে হিমশিম খেতে হয়। কারণ, সেবিকার সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমদ্দার জানান, বহুবার লিখিত ও মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল মণ্ডল বলেন, হাসপাতালের বহু সমস্যা আছে। জেলা উন্নয়ন সভায় এবং স্থানীয় সাংসদকে বিষয়টি অনেকবার জানানো হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।
জেলার সিভিল সার্জন বাকির হোসেন মুঠোফোনে বলেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। কিন্তু কোনো ফল মেলেনি।