জরাজীর্ণ ভবনে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার কৃপাপুর কমিউনিটি ক্লিনিকের জরাজীর্ণ ভবনের দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালার কৃপাপুর কমিউনিটি ক্লিনিকের জরাজীর্ণ ভবনের দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

দুই কক্ষের ক্লিনিক ভবন। স্যাঁতসেঁতে মেঝে। খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। ছাদে বৃষ্টির পানি চুঁইয়ে পড়ার ছোপ ছোপ দাগ। এর মধ্যেই চলছে চিকিৎসাসেবা। এ চিত্র খাগড়াছড়ির দীঘিনালার কৃপাপুর কমিউনিটি ক্লিনিকের। শুক্রবার ছাড়া বাকি ছয় দিন এ কেন্দ্রে চিকিৎসাসেবা দেওয়া হয়। সেবা নিতে আসে দুর্গম এলাকার বাসিন্দারা।
শুধু কৃপাপুর নয়, বাকি আটটি কমিউনিটি ভবনেরও একই অবস্থা। নিয়মিত সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে কমিউনিটি ক্লিনিকটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে এসব কেন্দ্রে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
সরেজমিনে গত ২৪ আগস্ট উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরের কৃপাপুর ক্লিনিকে গিয়ে দেখা যায়, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত রোগী এসেছেন ১১ জন। তাঁদের চিকিৎসাসেবা দিচ্ছেন পরিবার কল্যাণ সহকারী পুষ্পা চাকমা।
কথা হয় চিকিৎসা নিতে আসা শান্তিলতা চাকমার (২৫) সঙ্গে। তিনি কৃপাপুরের বাসিন্দা। শান্তিলতা বলেন, ক্লিনিকে শৌচাগার নেই। এ জন্য দূর থেকে আসা রোগীদের কষ্টে পড়তে হয়। এ ছাড়া বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই। একই অভিযোগ করেন চিজিবি চাকমা (২৪) ও সুমিতা চাকমাও (২৫)।
দায়িত্বরত পরিবার কল্যাণ সহকারী পুস্পা চাকমা বলেন, বৃষ্টি হলে ভবনে বসে থাকা যায় না। হয় ছাতা মাথায় বসে থাকতে হয়, না হয় মানুষের বাসায় আশ্রয় নিতে হয়। দেয়ালের পলেস্তারা খসে ও বৃষ্টির পানি পড়ে ওষুধ ও কাগজপত্র নষ্ট হয়ে যায়। এখন ভবনে ফাটল দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৯৭-৯৮ অর্থবছরে কবাখালী ইউনিয়নের তারাবনীয়া ও কৃপাপুর, বোয়ালখালীর (সদর) জামতলী ও তেভাংছড়া, দীঘনালার বাঘাইছড়ি মুখ, বাবুছড়ার জারুলছড়ি ও মেরুংয়ের বগাপাড়া, বেতছড়ি, নোয়াপাড়া এলাকায় নয়টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়। এরপর এসব কেন্দ্র থেকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সরেজমিনে গত ২৭ ও ২৮ আগস্ট জামতলী, তারাবনীয়া ও বেতছড়ি কমিউনিটি ক্লিনিকেরও জরাজীর্ণ অবস্থা দেখা গেছে। তারাবনীয়া ক্লিনিকের কমিউনিটি হেলথ ক্লিনিক প্রোভাইডার (সিএইচসিপি) নবারুণ জ্যোতি দেওয়ান বলেন, সব কটি ক্লিনিকের ভবন নাজুক হয়ে পড়েছে। একই কথা বলেন কবাখালী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রহমান ও বোয়ালখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. কামরুজ্জামান।
জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মীরা সপ্তাহে তিন দিন কমিউনিটি ক্লিনিকগুলোতে পরিবার পরিকল্পনা সেবা দিয়ে থাকেন। বাকি দিন অন্য চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্লিনিকগুলো তত্ত্বাবধানের দায়িত্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন চাকমা প্রথম আলোকে বলেন, প্রতিটি মাসিক সভায় ক্লিনিকগুলোর জরাজীর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি পাঠানো হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেও তালিকা দেওয়া হয়েছে। ক্লিনিকগুলো সংস্কার করা জরুরি। শৌচাগার ও বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করতে হবে।