জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছর ধরে সংস্কার না হওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো
১০ বছর ধরে সংস্কার না হওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো

ঝালকাঠির নলছিটি উপজেলার ২ নম্বর ভৈরবপাশা ইউনিয়নের রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘরটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম।
গত মঙ্গলবার বিদ্যালয়টি ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের ঘরটি আধা পাকা। একটি টিনশেড ঘর। টিনগুলোতে মরিচা ধরেছে এবং অসংখ্য ছিদ্র হয়েছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। শিক্ষকদের একটি ছোট কক্ষসহ মোট চারটি কক্ষ রয়েছে।
শ্রেণিকক্ষগুলোর দরজা-জানালা যা আছে, তা সবই ভাঙা। তিনটি শ্রেণিকক্ষের জন্য মাত্র ছয়টি বেঞ্চ রয়েছে। এমনকি শিক্ষকদের জন্য শ্রেণিকক্ষে কোনো টেবিল নেই। একটি শ্রেণিকক্ষের দরজা ও দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। কিছু জানালা দেয়ালের সঙ্গে ঝুলে আছে। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। বেঞ্চ না থাকায় শিক্ষার্থীরা ইটের ওপর কাঠ বিছিয়ে শ্রেণিকক্ষে ক্লাস করছে। আর ভবনের পিলারগুলো ক্ষয়ে যাওয়ায় কাঠামো দুর্বল হয়ে পড়েছে।
প্রধান শিক্ষক হামিদা সুলতানা বলেন, বিদ্যালয়টি ১৯৯৬ সালে কমিউনিটি বিদ্যালয় হিসেবে নির্মিত হয়। এরপর ২০০৫ সালে সর্বশেষ সংস্কার করা হয়। ২০১৩ সালের ১ জানুয়ারি এটি সরকারি করা হয়। এখন বিদ্যালয়ে মোট চারজন শিক্ষক আছেন।
প্রধান শিক্ষক বলেন, বর্তমানে বিদ্যালয়ে ছয় জোড়া বেঞ্চ রয়েছে। উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে কয়েকবার এ বিষয়ে বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি। বিদ্যালয়ের এই অবস্থার কারণে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে। অভিভাবকেরা তাঁদের ছেলে-মেয়েদের অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন।
বিদ্যালয়ের শিক্ষক লাকি আক্তার বলেন, বর্ষায় ও ঝোড়ো বাতাসের সময় মনে হয়, ভবনটি ভেঙে পড়বে। পাশে থাকা গাছের একটি ডাল ঝোড়ো বাতাসে বিদ্যালয়ের ঘরের ওপর পড়লেই এটি ভেঙে পড়বে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া আক্তার বলে, ‘স্কুলে আসতে আমার ভয় লাগে। মা মাঝেমধ্যে স্কুলে আসতে দেয় না ভেঙে যাওয়ার ভয়ে।’
ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক বলেন, বিকল্প কোনো জায়গা ও ভবন না থাকায় কর্তৃপক্ষ হয়তো বিদ্যালয়টিকে পরিত্যক্ত ঘোষণা করতে পারছে না। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশন (পিটিএ) সভাপতি নজরুল ইসলাম বলেন, ভবনের অবস্থা এতই খারাপ যে এটি আর সংস্কার করা সম্ভব নয়। বরং পুনর্নির্মাণ করতে হবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুদ আলম বলেন, ‘আমাদের চাওয়া, একটি সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় যাতে করে দেওয়া হয়।’
বিদ্যালয়ের পরিদর্শন বইতে দেখা যায়, চলতি বছর ২৬ জুলাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আরজদা বেগম বিদ্যালয়টি পরিদর্শন করেন। আর মতামত লেখেন, বিদ্যালয়ের অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, বিষয়টি সভায় আলোচনা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।