জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ একটি ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ওই বিদ্যালয়ে একতলাবিশিষ্ট দুটি ভবন রয়েছে। দুই কক্ষবিশিষ্ট একটি ভবন ভালো রয়েছে। এই ভবনের দক্ষিণ পাশে অবস্থিত চার কক্ষবিশিষ্ট অপর ভবনটির ছাদের ভিম, বারান্দার পিলার ও দেয়ালে ফাটল ধরেছে। প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে। এই ভবনের একটি কক্ষে বিদ্যালয়ের কার্যালয় এবং অপর কক্ষগুলোতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।

বিদ্যালয়ের কার্যালয় থেকে জানা গেছে, ১৯২৮ সালে ৩৩ শতাংশ জমির ওপর এই বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়া ওই ভবনটি ১৯৯৭ সালে নির্মাণ করা হয়। ভালো থাকা অপর ভবনটি নির্মাণ করা হয় ২০০৭ সালে। বিদ্যালয়ে বর্তমান ৩২০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন ছয়জন।

সহকারী শিক্ষক মিনা রানী রায় বলেন, ক্লাস চলাকালে প্রায়ই ছাদের পলেস্তারা খসে পড়ে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এখন ছাদের ভিমে ফাটল ধরায় সবাই আতঙ্কের মধ্যে রয়েছে। কয়েক দিন আগে ছাদের পলেস্তারা খসে পড়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী আহত হয়। গত এক বছরে এভাবে কমপক্ষে ১৫ জন শিক্ষার্থীর মাথায় ও গায়ে ছাদের পলেস্তারা খসে পড়ে বলে জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভরত চন্দ্র বিশ্বাস বলেন, প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য কমপক্ষে তিনটি এবং কার্যালয় ও শিক্ষকদের বসার জন্য আরেকটিসহ মোট চারটি কক্ষ প্রয়োজন। সেখানে একটি ভবনের মাত্র দুটি কক্ষ ব্যবহারের উপযোগী। চার কক্ষের অপর ভবনটির অবস্থা খুবই খারাপ। তার পরও এখানকার অন্তত দুটি কক্ষ প্রতিদিন ব্যবহার করতেই হয়। এ অবস্থায় ক্লাস নেওয়া বিপজ্জনক। পাঁচ-ছয় বছর আগে থেকেই ভবনটির এই অবস্থা।

প্রধান শিক্ষক বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে অনেকবার জানানো হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও সশরীরে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেশ কয়েকবার বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণপদ সরকার বলেন, বিদ্যালয়টি তিনি সরেজমিনে দেখেছেন। এ অবস্থায় কোনোভাবেই ওই ভবনে ক্লাস নেওয়া ঠিক নয়। কিন্তু বাধ্য হয়েই বিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস নিচ্ছেন। বিষয়টি বেশ কয়েকবার লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।