
শেওলা পড়া জরাজীর্ণ টিনশেড ভবন। চালায় মরিচা ধরে নষ্ট হয়ে যাওয়া টিন। চালার কয়েক স্থানে টিন নেই। নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। ঝড়-বৃষ্টি ও বেশি গরম লাগলে বারান্দা ও খোলা আকাশের নিচেও পাঠদান করা হয়।
এই রকম অপরিচ্ছন্ন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেই মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ২১০ জন পড়াশোনা করছে। বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে ছয়টি। কর্মরত আছেন চারজন। বিদ্যালয়ে দুটি ভবন আছে। ১৯৮৫-৮৬ অর্থবছরে পুরোনো টিনশেড ভবনটি নির্মাণ করা হয়। এই ভবনটিতে চারটি কক্ষ আছে। একটি শিক্ষকদের কার্যালয়ের জন্য এবং বাকি তিনটি শ্রেণিকক্ষ। ২০০৭ সালে ঝড়ে ভবনের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়। ২০০৮ সাল পর্যন্ত কোনোরকমে ভবনটিতে ক্লাস করানো হয়। কিন্তু ২০০৯ সাল থেকে চালার অনেক জায়গায় টিন নষ্ট হয়ে যাওয়ায় ভবনটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, চালার উত্তর পাশের অনেক টিন ঝড়ে উড়ে গেছে। দক্ষিণ দিকের চালাও জরাজীর্ণ হয়ে নিচের দিকে ঝুলে আছে। বাতাস দিলে চালার অবশিষ্ট টিন কাঁপতে থাকে। ফলে এই ভবনটিতে পড়াশোনা করার কোনো পরিবেশ নেই। তারপরও এখানে পাঠদান করা হয়। ঝড়-বৃষ্টি হলে ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। আর রোদের সময় গরমে শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে থাকা কষ্টকর হয়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে দুই কক্ষের একতলা একটি ভবন তৈরি করা হয়। একটি কক্ষে কার্যালয় করা হচ্ছে। অপর কক্ষে পঞ্চম শ্রেণির ক্লাস চলে। শ্রেণিকক্ষের সংকট থাকায় পঞ্চম শ্রেণির কক্ষটিও দুভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর এক অংশে প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষ করা হবে।
বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, এসব সমস্যার কথা উল্লেখ করে নতুন ভবন নির্মাণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার উপজেলা শিক্ষা কমিটির কাছে লিখিতভাবে আবেদন করেছে। সর্বশেষ গত বছর জুলাই মাসেও আবেদন করা হয়েছে।
প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন, তাঁরা বাধ্য হয়ে পুরোনো ভবনে ক্লাস নেন। ঝড়-বৃষ্টি হলে সবাইকে নতুন ভবনে নিয়ে আসেন। বেশি গরম হলে বারান্দা ও গাছতলায় মাদুর পেতে ক্লাস নেন। পড়াশোনা ঠিকঠাকভাবে করানো যাচ্ছে না। এখন নিয়ম রক্ষার জন্য কোনোমতে ক্লাস নেওয়া হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. লেচু মিয়া বলেন, ‘অনেকবার সংশ্লিষ্ট বিভাগে আবেদন-নিবেদন করা হয়েছে। অনেকেই আশ্বাস দিয়েছেন। কিন্তু কিছুই হয়নি।’
রাজনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রুবাইয়্যাত জামান বলেন, বিদ্যালয়টি তিনি দেখেছেন। টিনের চালা হওয়ায় সাময়িক সংস্কারের জন্য টাকা দেওয়া হয়নি। আর বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য আরও তিন-চারটা শ্রেণিকক্ষ দরকার। সারমপুরসহ ৩৩টি বিদ্যালয়ের তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, এ বিদ্যালয়টিসহ আরও কয়েকটি বিদ্যালয়ের ভবনের জন্য সুপারিশ করা হয়েছে। এখনো কোনো বরাদ্দ পাননি।