নীলফামারীর সৈয়দপুরের হাজারীহাট স্কুল ও কলেজের জরাজীর্ণ একটি ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা ক্লাস করছে। ভবনটি যেকোনো সময়ে ধসে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।কয়েকজন শিক্ষক জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০০৫ সালে কলেজের ওই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেটি ব্যবহার না করার নির্দেশ দেয়। কিন্তু শ্রেণীকক্ষের সংকটের কারণে অনেকটা নিরুপায় হয়ে ঝুঁকিপূর্ণ কক্ষগুলো ব্যবহার করতে হচ্ছে।সম্প্রতি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকায় ওই কলেজে গেলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেঘলা বলে, ‘মাঝেমধ্যে মাথার ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছি।’ একই শ্রেণীর রাজু চৌধুরী ও দিলরুবা বলে, ‘বিদ্যালয়ে না এলে লেখাপড়ার ক্ষতি হয়। তাই জীবন হাতে নিয়ে পরীক্ষা দিতে এসেছি।’কলেজ সূত্র জানায়, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় হাজারীহাট উচ্চবিদ্যালয়। ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। কলেজের তিনটি ভবনের মধ্যে একটি ভবন দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। এই ভবনের ১৩টি কক্ষের মধ্যে ১১টিই জরাজীর্ণ। ওই কক্ষগুলোর ছাদের পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে গেছে। ছাদের পলেস্তারা খসে পড়ে ইতিপূর্বে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। তখন শ্রেণীকক্ষে ক্লাস করা সম্ভব হয় না।অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী জানান, ভবনটির জরাজীর্ণ অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক লেখালেখি করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে শিক্ষক ও ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে।শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সৈয়দপুরের উপসহকারী প্রকৌশলী ময়নুল ইসলাম জানান, হাজারীহাট বিদ্যালয় ও কলেজের পুরোনো ভবনটি জরাজীর্ণ। যেকোনো মুহূর্তে গোটা ভবন বিধ্বস্ত হতে পারে। প্রতিষ্ঠানটির দাতা সদস্য শরীফুল আলম চৌধুরী জানান, ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় সাংসদকে জানানো হয়েছে। আশা করি, শিগগিরই এটির সংস্কারকাজ শুরু হবে।