অধিকাংশ দরজা-জানালার কাঠ ও কাচ ভাঙা। দেয়াল ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও দেয়াল ফুঁড়ে গজিয়েছে বট-পাকুড়ের শিকর আর লতাগুল্ম। অনেক স্থানে দেখা দিয়েছে ফাটল। এই অবস্থা নওগাঁ প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) একমাত্র পুরুষ হোস্টেল ভবনের।
বছরের পর বছর জেলার বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকেরা জীর্ণ ভবনটিতে ঝুঁকি নিয়েই বসবাস করে আসছেন।
পিটিআই সূত্রে জানা যায়, শহরের চক দেবপাড়া এলাকায় অবস্থিত পিটিআই চত্বরের দক্ষিণে প্রশিক্ষণে আসা পুরুষ শিক্ষকদের বসবাসের জন্য ১৯৬৫ সালে এ হোস্টেল নির্মাণ করা হয়। ৮০ জনের ধারণক্ষমতাসম্পন্ন তিনতলার হোস্টেলটির নাম দেওয়া হয় কাজী নজরুল ইসলাম ভবন। নির্মাণের পর থেকে এ পর্যন্ত আর কোনো সংস্কারকাজ না হওয়ায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পিটিআই কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন আরেকটি ভবন নির্মাণের জন্য আবেদন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ োনো উদ্যোগ নেয়নি।
সম্প্রতি শিক্ষকদের আন্দোলনের মুখে পিটিআই কর্তৃপক্ষ মহিলা শিক্ষকদের জন্য নির্মিত দুটি হোস্টেলের মধ্যে দ্বিতল একটি হোস্টেলে পুরুষ শিক্ষকদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ৫০ জনের ধারণক্ষমতাসম্পন্ন হোস্টেলটিতে পুরুষ শিক্ষকদের স্থান সংকুলান না হওয়ায় এখনো প্রশিক্ষণে আসা অনেক শিক্ষককে জরাজীর্ণ ভবনটিতে ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভবনের বাইরের স্যাঁতসেঁতে দেয়ালে সবুজ শেওলা পড়ে গেছে। কোথাও কোথাও দেয়াল ফুঁড়ে গাছপালা ও লতা বের হয়ে আছে। ভবনটির অধিকাংশ কক্ষের কাঠের দরজা-জানালা ভাঙা। বিভিন্ন স্থানে দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। কোথাও কোথাও ছাদের রড পর্যন্ত বের হয়ে গেছে।
গতকাল দুপুরে কথা হয় প্রশিক্ষণ নিতে আসা পোরশা উপজেলার সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রইছ উদ্দিন ও নিয়ামতপুর উপজেলার টিটিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলের সঙ্গে। তাঁরা বলেন, এখানে তথ্যপ্রযুক্তির ওপর তাঁদের ১২ দিনের প্রশিক্ষণ চলছে। কর্তৃপক্ষ এই হোস্টেলে তাঁদের থাকতে বললে তাঁরা অস্বীকৃতি জানিয়েছিলেন। কিন্তু অন্য কোনো ভবনে স্থান সংকুলান করতে না পেরে ঝুঁকি নিয়ে এই হোস্টেলেই উঠতে হয়েছে।
পিটিআইয়ের তত্ত্বাবধায়ক আজিজুর রহমান বলেন, ‘আমি এখানে দায়িত্বে আসার পরপরই হোস্টেলটির জরাজীর্ণ অবস্থা দেখে এটিকে পরিত্যক্ত ঘোষণার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেছি। ভবনটি পরিত্যক্ত ঘোষণার আগে প্রকৌশল অধিদপ্তর থেকে একটি বিশেষজ্ঞ টিম আসার কথা। কিন্তু এক বছর হতে চলল, সংশ্লিষ্ট দপ্তর থেকে এ ব্যাপারে আর কোনো উদ্যোগই নেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘ওই ভবনটি ভেঙে সেখানে নতুন আরেকটি ভবন নির্মাণের প্রস্তাব আমাদের দেওয়া হয়েছে। নতুন ভবনে শিক্ষকদের আবাসিক ডরমিটরি, মিলনায়তন ও লাইব্রেরি করে ১০ তলা ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।’
নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশা মিঞা বলেন, পিটিআইয়ের পুরোনো একটি হোস্টেল পরিত্যক্ত ঘোষণার বিষয়ে জানানো হয়েছে। ভবনটি পরিত্যক্ত ঘোষণার মতো পর্যায়ে পৌঁছেছে কি না, তা যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ দল সেখানে পাঠানো হবে। আগামী দু-এক মাসের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে বলে তিনি আশ্বাস দেন।