জরাজীর্ণ ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতনগর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের দুটি ভবন প্রায় চার মাস আগে ঝড়ে ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। সে সময় বিদ্যালয় ভবনের একটি কক্ষের দেয়াল ধসে যায় আর শিলার আঘাতে ঝাঁঝরা হয়ে যায় ভবনের টিনের চালা।
এরপর থেকে চাটাইয়ের বেড়া আর ফুটো টিনের চালের নিচে জরাজীর্ণ কক্ষেই চলছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান।
এনায়েতনগর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ও স্থানীয় তিনজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৭ সালে টিনের ছাউনি ও ইটের দেয়াল দেওয়া তিন কক্ষবিশিষ্ট একতলা একটি ভবনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে ওই ভবনের পশ্চিম পাশে টিনের ছাউনি ও ইটের দেয়াল দেওয়া দুই কক্ষবিশিষ্ট আরেকটি ভবন তৈরি করা হয়।
এ অবস্থায় চলতি বছরের এপ্রিলে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে বিদ্যালয়ের দুটি ভবনেরই টিনের ছাউনিতে অসংখ্য স্থানে ছিদ্র সৃষ্টি হয়। এরপর মে মাসে ভূমিকম্পে আগের ভবনের একটি কক্ষের পেছনের দেয়াল ধসে যায়। ওই সময় ভবনটির পশ্চিম অংশ হেলে পড়ে। যেকোনো মুহূর্তে পুরো ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, এনায়েতনগর মোড়ে রাস্তার পাশে বিদ্যালয়টির পাকা ভবনের কিছু অংশে বাঁশের চাটাই দেওয়া। হেলে পড়েছে বিদ্যালয়ের একটি ভবন। ভবনের টিনের চালে অসংখ্য ছিদ্র। চালের ছিদ্র দিয়ে প্রখর রোদ পড়ে কক্ষে। বিদ্যালয়ের শিক্ষকদের অফিস হিসেবে ব্যবহৃত কক্ষটিতে রোদ-বৃষ্টি থেকে বাঁচতে টিনের চালের নিচে মোটা কাপড় টেনে দেওয়া হয়েছে।
এ সময় বিদ্যালয়ের ১৫-১৬ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টি হলে বিদ্যালয় ভবনের ভেতরে কোথাও দাঁড়ানো যায় না। বই-খাতা সব ভিজে যায়। এ জন্য বৃষ্টির আশঙ্কা দেখা দিলেই বিদ্যালয় ছুটি হয়ে যায়। আবার রোদের তাপে ক্লাস করতে প্রচণ্ড কষ্ট হয়। বিদ্যালয় ভবন হেলে পড়ায় ঝড়-বৃষ্টি হলেই আতঙ্কে সবাই বিদ্যালয় মাঠে কিংবা পাশের মান্দা কারিগরি ও কৃষি কলেজের বারান্দায় গিয়ে দাঁড়ায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘প্রতিনিয়ত উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে বিদ্যালয় চালাতে হয়। রোদ-বৃষ্টি সবকিছুতেই সমস্যা। বৃষ্টি হলে কলেজের বারান্দায় গিয়ে দাঁড়াতে হয়। আর প্রখর রোদে ও গরমে ছেলেমেয়েরা অতিষ্ঠ হয়ে পড়ে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টিতে বর্তমান ৩৬৮ জন শিক্ষার্থী ও ১১ জন শিক্ষক রয়েছেন। ২০০৫ সালে বিদ্যালয়টিকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর অনুমোদন দেওয়া হয়। তবে এখন পর্যন্ত বিদ্যালয়ের কোনো শিক্ষকই এমপিওভুক্ত হননি। বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রথম তিন-চার বছর স্কুল কর্তৃপক্ষ থেকে মাসিক ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষকেরা মাসিক সম্মানী পেতেন। তারপর থেকে কোনো টাকা পাননি তাঁরা। ১৮ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে আসছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। একে তো শিক্ষকদের বেতন-ভাতা নেই, তার ওপর প্রাকৃতিক দুর্যোগে বিদ্যালয়ের অবস্থা বেহাল হয়ে গেছে।
এপ্রিল ও মে মাসে ঘূর্ণিঝড়ে ভবনের দেয়াল ও টিনের চালা উড়ে যায়। ঝুঁকিপূর্ণ ভবনটি মেরামত করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত ভবনটি মেরামত এবং নতুন করে নির্মাণে কোনো সাড়া মেলেনি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা কমিটির সভায় একাধিকবার তুলে ধরা হয়েছে। এরপরও বিদ্যালয়টি মেরামতের জন্য সরকারি কোনো বরাদ্দ পাওয়া যায়নি। সরকারি বরাদ্দ পেলে বিদ্যালয়টি অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে।
শিক্ষকদের এমপিওভুক্তির ব্যাপারে আবদুস সালাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে মাধ্যমিক পর্যায়ে এমপিও প্রক্রিয়া বন্ধ রয়েছে। এ প্রক্রিয়া আবার শুরু হলে এই বিদ্যালয়টি অগ্রাধিকার পাবে।