জরাজীর্ণ ভবনে বাস ১৬ পুলিশ সদস্যের
নড়াইলের লোহাগড়া উপজেলায় জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে বাস করছেন বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ১৬ সদস্য। ওই ভবনেই চলছে ফাঁড়ির কার্যক্রম। উপজেলার বড়দিয়ায় অবস্থিত ডাকবাংলোতে পুলিশ ফাঁড়িটি স্থাপন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছে। ছাদের ভিম বাঁকা হয়ে নিচের দিকে ঝুঁকে পড়েছে এবং ভিমে ফাটল ধরেছে।
পুলিশ সদস্যরা জানান, বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনে পাঁচটি কক্ষ রয়েছে। এর একটিতে থাকেন পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক। আরেকটি কক্ষ অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাকি তিনটি কক্ষে গাদাগাদি করে বসবাস করেন ১৫ জন পুলিশ সদস্য। জায়গা না থাকায় ভবনের বারান্দায় চেয়ার-টেবিল ফেলে চলছে ফাঁড়ির দাপ্তরিক কার্যক্রম। প্রতিটি কক্ষেই ছাদের পলেস্তারা খসে পড়ছে। শৌচাগার দুটিও ব্যবহারের অনুপযোগী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দিয়া নৌবন্দরের গুরুত্ব বিবেচনা করে ব্রিটিশ আমলে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িটি গড়ে ওঠে। শুরুতে এই ফাঁড়ির নিজস্ব ভবন ছিল। ভাঙনের কবলে পড়ে ভবনটি মধুমতীতে বিলীন হয়ে যায়। এরপর আশপাশের বিভিন্ন স্থানে অস্থায়ী ভিত্তিতে ফাঁড়িটির কার্যক্রম চলে আসছিল। সর্বশেষ সাত বছর আগে ফাঁড়িটি ওই ডাকবাংলো ভবনে স্থানান্তর করা হয়।
পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শামসুল হক জানান, ফাঁড়ির নিজস্ব ভবন তৈরির জন্য প্রায় আট বছর আগে বড়দিয়া বাজারের দক্ষিণে গুদামঘরের পাশে ৩৩ শতাংশ জমি কেনা হয়েছে। কিন্তু ভবন তৈরি না হওয়ায় তাঁদের ঝুঁকি নিয়ে জীবন যাপনের পাশাপাশি ফাঁড়ির কার্যক্রম চালাতে হচ্ছে।
নড়াইল জেলা পরিষদের সহকারী প্রকৌশলী পরিমল সাহা ২০ এপ্রিল ডাকবাংলো ভবনটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘এর ছাদ পুরো ড্যামেজ হয়ে গেছে। যেকোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে। কোনোভাবেই এখানে বসবাস করা ঠিক না। এটি মেরামতের অযোগ্য।’
এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. মনির হোসেন বলেন, ওই পুলিশ ফাঁড়ির ভবন তৈরির প্রক্রিয়া চলছে। জায়গার অভাবে ওই ঝুঁকিপূর্ণ ভবনেই পুলিশ সদস্যদের থাকতে হচ্ছে।