জরাজীর্ণ ভবনের ছাদ ধসে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। যেকোনো মুহূর্তে ভবনের ছাদ ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে তৈরি এই ভবনটি অনেক আগে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার পরও এটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি নতুন করে ভবনও তৈরি হয়নি। এ ব্যাপারে ভূমি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি। ভবনটি ব্যবহার অনুপযোগী হওয়ার পরও দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা এই অফিসে ঝুঁকি নিয়ে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।সান্তাহার ইউনিয়ন ভূমি কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন এই অফিসে অসংখ্য মানুষ জমিজমা-সংক্রান্ত কাজ নিয়ে আসে। কিন্তু জরাজীর্ণ ভবনে তাদের অবস্থানের কোনো ব্যবস্থা করা যায় না। ভবনের দেয়ালগুলোর একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে, দরজা-জানালা নষ্ট হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। ফলে ওই সময় অফিসের ভেতর কাজ করা বা অবস্থান করা সম্ভব হয় না। বৃষ্টির পানিতে ভিজে মূল্যবান কাগজপত্র নষ্ট হয়ে যায়।’ ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা আলম খান বলেন, সরকারিভাবে এই অফিসটি সংস্কারের উদ্যোগ না নেওয়া দুঃখজনক। কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই জরুরিভিত্তিতে এ ভবনটি সংস্কার করা জরুরি। সান্তাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘এই অফিসে শুধু সান্তাহার ইউনিয়নের নয়, বরং সান্তাহার পৌরসভার জমিজমা-সংক্রান্ত কাজকর্মও হয়ে থাকে। সে কারণে পুরাতন এই ভবনটি ভেঙে নতুন করে ভবন তৈরি করা উচিত।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোল্লা মিজানুর রহমান বলেন, ‘ভবনটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।’