জরাজীর্ণ সেতু জোড়াতালি দিয়ে মেরামত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় ঘাটাখালী নদীর ওপর নির্মিত দুটি সেতুই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বর্তমানে একটি সেতু জোড়াতালি দিয়ে মেরামত করা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় ঘাটাখালী নদীর ওপর পাশাপাশি দুটি সেতু আছে। এর একটি ইস্পাতের বেইলি সেতু। অন্যটি আরসিসি ঢালাইয়ের সেতু। কালিয়াকৈর বাজারকে বাইপাস করে নতুন সড়ক নির্মাণ করায় ওই সেতু দুটিতে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। তবে বাইপাস সড়কে যানবাহনের চাপ বাড়লে পুরোনো মহাসড়ক হয়ে ঘাটাখালীর সেতুতে প্রচুর যানবাহন চলাচল করে। এ ছাড়া কালিয়াকৈর থেকে যেসব যানবাহন চলাচল করে, তার সবই এই সেতুর ওপর দিয়েই যাতায়াত করে থাকে। এভাবে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। অথচ সেতু দুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। সেখানে সড়ক ও জনপথ বিভাগ ঝুঁকির বিষয়ে সাইনবোর্ড টানিয়েছে। তবে উপযুক্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভেঙে গেলেও তা মেরামত করা হচ্ছে দায়সারাভাবে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম বলেন, সেতু দুটি ঝুঁকিপূর্ণ থাকায় থানার পক্ষ থেকেও মানুষকে সতর্ক করার জন্য এর দুই পাশেই বড় বড় সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সেতু দুটি স্থায়ীভাবে মেরামত করতে বলা হয়েছে।
কালিয়াকৈর বাজার এলাকার ব্যবসায়ী শওকত জানান, সেতুটির ওপর দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়, কখন যেন এটি ভেঙে পড়ে।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, প্রায় ৭০ বছর আগে লতিফপুর ঘাটাখালী নদীর ওপর আরসিসি সেতুটি নির্মিত হয়। পরে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর উত্তরাঞ্চলের বিভিন্ন পরিবহন এই সড়ক দিয়ে চলাচল করায় ঘাটাখালী সেতুটি দিন দিন ক্ষতিগ্রস্ত হয়। পরে এই ঝুঁকি এড়াতে প্রায় ২৫ বছর আগে পাশে আরেকটি বেইলি সেতু নির্মাণ করা হয়। বর্তমানে দুটি সেতুই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে বাঁশ বেঁধে সেতুটি বন্ধ করে রাখা হয়েছে। এরপর সেতুটির ওপর মাটি বিছিয়ে সেখানে মেরামতের কাজ করা হচ্ছে। পুরোনো রেলিং ভেঙে ফেলা হয়েছে। সেতুর দুই পাশ থেকে পুরোনো রড বের তার সঙ্গে নতুন করে রেলিং লাগানোর কাজ চলছে।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের সেকশন অফিসার বশির আহম্মেদ বলেন, পুরোনো সেতুটি মেরামত করে আপাতত যান চলাচলের উপযোগী করা হচ্ছে। পরে নতুন করে সেতু নির্মাণ করা হবে।