জরাজীর্ণ সেতু ঝুঁকি নিয়ে পারাপার সাত গ্রামের মানুষের
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া বাজারসংলগ্ন বলেশ্বর নদের ওপর নির্মিত লোহার সেতু জরাজীর্ণ হয়ে পড়েছে। এলাকার সাতটি গ্রামের মানুষ ও যানবাহন সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
জানতে চাইলে নাজিরপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি সরেজমিনে সেতুটি দেখে এসেছি। আপাতত পথচারীদের চলাচলের উপযোগী করতে উপজেলা পরিষদের অর্থায়নে সেতুটি মেরামত করা হবে। এ ছাড়া গার্ডার সেতু নির্মাণের জন্য নকশা তৈরির কাজ চলছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নাজিরপুর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশির দশকের শেষ দিকে ৫০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করা হয়। ছয় বছর আগে সেতুটির পাটাতনের কাঠ ভেঙে যায়। এতে করে ভোগান্তিতে পড়ে মাটিভাঙা ইউনিয়নের ২০ হাজার মানুষ। বাধ্য হয়ে এলাকাবাসী চাঁদা তুলে সেতুটি মেরামত করে আসছে। এখন কোনো রকমে মানুষ ও হালকা যানবাহন চলাচলের মতো আছে সেতুটি। কোনো ভারী যানবাহন চলার মতো অবস্থা নেই।
সরেজমিনে দেখা যায়, সেতুটির লোহার খুঁটিতে মরিচা ধরেছে। সেতুর পাটাতনের বেশির ভাগ কাঠই ভাঙা। উত্তর প্রান্তে সড়কের সঙ্গে সেতুর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে জোড়াতালি দিয়ে যাতায়াতের উপযোগী করা হয়েছে। তার ওপর দিয়েই ঝুঁকিতে চলাচল করছে মানুষ, মোটরসাইকেল, ভ্যানসহ হালকা যানবাহন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে সেতুটি সংস্কার কিংবা নতুন সেতু তৈরি করা হোক। স্থানীয় হোগলাবুনিয়া গ্রামের ভ্যানচালক মো. হাসিব বলেন, পাটাতনের কাঠ ভেঙে যাওয়ায় তাঁদের ঝুঁকির মধ্যে চলাচল করতে হচ্ছে। অসুস্থ রোগী ও বৃদ্ধ মানুষকেও ভ্যান থেকে নামিয়ে সেতু পার করতে হয়।
এ ছাড়া এলাকার শিশু শিক্ষার্থীরা এ সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এ ব্যাপারে জানতে চাইলে মাটিভাঙা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রিজন শেখ প্রথম আলোকে বলেন, সেতুটির দক্ষিণ প্রান্তে বানিয়ারি, পশ্চিম বানিয়ারি ও পূর্ব বানিয়ারি গ্রাম অবস্থিত। উত্তর প্রান্তে রয়েছে তারাবুনিয়া, হোগলাবুনিয়া, বড়ইবুনিয়া ও সামন্তগাতি গ্রাম এবং তারাবুনিয়া বাজার, মাটিভাঙা ইউপি কার্যালয়, ডাকঘর, কমিউনিটি ক্লিনিক ও দুটি মাধ্যমিক বিদ্যালয়। ফলে এক প্রান্তের বাসিন্দাদের অন্য প্রান্তে যাতায়াতের জন্য এই সেতুর কোনো বিকল্প নেই। আবার উত্তর প্রান্তের গ্রামগুলোর মানুষকে এ সেতু হয়ে উপজেলা সদরে যেতে হয়। সেতুটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে।