জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালী-বীরকন্যা প্রীতিলতা সড়কের গোবিন্দারখীল এলাকার বেইলি সেতুর পাটাতন জরাজীর্ণ হয়ে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, পটিয়া পৌরসভার গোবিন্দারখীল এলাকার মরাখালের ওপর পুরোনো কালভার্টটি ১৯৯৪ সালের দিকে ভেঙে যায়। ১৯৯৫ সালে ওই জায়গায় সওজ বেইলি সেতুটি স্থাপন করে। পরে বেইলি সেতুটির পাটাতন বিভিন্ন স্থানে ভেঙে পড়ে। সওজ কর্তৃপক্ষ ভেঙে যাওয়ার পর পাটাতন মেরামত করে সেতুটি যান চলাচলের উপযোগী রেখেছে।
গোবিন্দারখীল এলাকার বাসিন্দা সিদ্দিক আহমদ বলেন, রাতের অন্ধকারে পাটাতনের গর্তে পড়ে প্রায় সময় গাড়ি উল্টে যায়। এ ছাড়া অন্ধকারে ওই সেতু দিয়ে হাঁটাচলা করা কঠিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সেতুটির জরাজীর্ণ অবস্থা। পাটাতন ভাঙলে কোনোমতে মেরামত করা হয়। এ অবস্থায় এখানে সেতু নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ হেলাল বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে। সেতুটির ওপর দিয়ে যাওয়ার সময় তাঁরা আতঙ্কে থাকেন।
ধলঘাট প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী বলেন, সেতুটির ওপর দিয়ে প্রতিদিন অনেক ভারী যানবাহন চলাচল করে। সেতুটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোছলেহ উদ্দিন চৌধুরী বলেন, ওই জায়গায় কালভার্ট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৬০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।