জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপরের পাটাতনের বেশির ভাগ স্ল্যাবই নেই। যেগুলো আছে, সেগুলোও ভাঙা। লোহার খুঁটি ও রেলিং জং ধরে বাঁকা হয়ে গেছে। এ দুরবস্থা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের একটি লোহার সেতুর। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে এলাকাবাসী আতঙ্কে থাকে।
এলাকাবাসী ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ ১০ থেকে ১২ বছর আগে লতাচাপলী ইউনিয়নের দোভাষীপাড়া খালের ওপর সেতুটি নির্মাণ করে। পর্যটনকেন্দ্র কুয়াকাটা, মিশ্রিপাড়ার বৌদ্ধমন্দির, আলীপুর, পাঞ্জুপাড়া, নবীনপুর, মুসুল্লিয়াবাদ, চাপলীবাজার, বাবলাতলা বাজার, ধোলাই মার্কেট, মিশ্রিপাড়া, আজিমপুর ও তাহেরপুর এলাকায় যাতায়াতের জন্য এই সেতু ব্যবহার করতে হয়। এ ছাড়া কুয়াকাটার খানাবাদ কলেজ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, আজিমপুর মাধ্যমিক বিদ্যালয়সহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী এই সেতুর ওপর দিয়ে চলাচল করে। সেতুটির দুরবস্থার কারণে কুয়াকাটায় আসা পর্যটকদের প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে মিশ্রিপাড়ায় যেতে হয়।
স্থানীয় লোকজন জানান, এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন ছয় শতাধিক লোক চলাচল করে। সেতু পার হওয়ার সময় কেউ কেউ খালে পড়ে গিয়ে আহত হয়। বিশেষ করে মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার সময় চালকদের ভীষণ বেগ পেতে হয়। বর্ষা মৌসুমের আগে সেতুটির মেরামত করা না হলে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হবে।
সরেজমিনে দেখা গেছে, স্থানীয় লোকজন সেতুর যেসব স্থানে স্ল্যাব নেই, সেসব স্থানে খেজুর ও চাম্বলগাছের গুঁড়ি পেতে তার ওপর দিয়ে চলাচল করছে।
মুসুল্লিয়াবাদের রুহুল আমিন বলেন, ‘এই ব্রিজটি নিয়া আমরা খুব ভোগান্তিতে আছি, প্রায়ই এই জায়গা দিয়া মানুষ পাছার খাইয়া হাত-পা ভাঙ্গে। কয়দিন আগে এই ব্রিজের ওপর দিয়ে ভ্যান গাড়ি নিয়ে পার হওয়ার সময় স্থানীয় ফজলুল করিম আহত অয়। আমরা চেয়ারম্যান মেম্বারগো জানাইলে তারা বলে, ওটা মেরামত করার জন্য আমার চেয়ে বড় বড় লোক আছে।’
উপজেলা প্রকৌশলী প্রণব কুমার রায় বলেন, ‘উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লোহার সেতুগুলোর অবস্থা খুবই খারাপ। আমরা রাজস্ব খাত থেকে সেতুটি সংস্কার করার কথা ভাবছি।’