পটুয়াখালী সদর উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ অবস্থায় আছে। ওই সব ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। একটি বিদ্যালয়ের ক্লাস চলে মাঠে ও ছোট্ট ঘরে গাদাগাদি করে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়. উপজেলায় ৪০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে মরিচবুনিয়া মাদ্রাসাসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, বল্লভপুর প্রাথমিক বিদ্যালয়, ছোটবিঘাই প্রাথমিক বিদ্যালয়, কমলাপুর এসডিও প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চান্দখালী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গাবুয়া প্রাথমিক বিদ্যালয়, উত্তর মৌকরণ প্রাথমিক বিদ্যালয়, মধ্য সেহাকাঠি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব মৌকরণ প্রাথমিক বিদ্যালয় ও মধ্য কাঁকড়াবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ। ১৯৯৪-৯৫ অর্থবছরে এ বিদ্যালয়গুলো নির্মাণ করা হয়। ইতিমধ্যে মরিচবুনিয়া মাদ্রাসাসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি মরিচবুনিয়া মাদ্রাসাসংলগ্নপ্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে একটু দূরে এক কক্ষের একটি টিনশেড ঘরে ঠাসাঠাসি করে লেখাপড়া করছে।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মীম বলে, আগের ভবনে বৃষ্টিতে শ্রেণিকক্ষে পানি পড়ত। ছাদের পলেস্তারাও খসে গায়ে পড়ত। তখন ভয় লাগত। এখন টিনের ঘরে সবাই মিলে ঠাসাঠাসি করে বসতে হচ্ছে। এতে ঠিকমতো লেখাপড়া হয় না।
ধলু মল্লিক নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, টিনের ঘরেও বৃষ্টির পানি ঢোকে। এতে চারপাশ কর্দমাক্ত হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন বলেন, ২০১৩ সালের ১৪ মে তৎকালীন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বিদ্যালয় পরিদর্শনে আসেন। তিনি বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন এবং কাছাকাছি কোনো জায়গায় ক্লাস চালানোর নির্দেশ দিয়েছিলেন। ২০১৪ সালের ২০ আগস্ট তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহিমও পরিদর্শনে এসে ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।
মৌকরণ ইউনিয়নের পূর্ব মৌকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোহাম্মদ শাহজাহান বলেন, তাঁদের বিদ্যালয় ভবনটির ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে। এ ছাড়া ছাদের পলেস্তারা খসে পড়ছে।
কমলাপুর ইউনিয়নের কমলাপুর এসডিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন বলেন, ভবনের ছাদ ও বিমের পলেস্তারা খসে গিয়ে লোহার রড বেরিয়ে পড়েছে। প্রতিদিনই সবাইকে আতঙ্কে থাকতে হচ্ছে।
তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য জরুরি ভিত্তিতে বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ১০টি বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে। নতুন ভবন নির্মাণের কাজ প্রক্রিয়াধীন।