জরাজীর্ণ ১১ বীজাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ১১টি ইউনিয়ন বীজাগার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। অব্যবহৃত এসব বীজাগারের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বীজাগারগুলো সংস্কার করে সেখানে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কার্যালয় ও কৃষি পরামর্শকেন্দ্র স্থাপন করলে স্থানীয় কৃষকেরা উপকৃত হবেন।
রামগতি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ষাটের দশকে কৃষি বিভাগ রামগতি উপজেলার (বর্তমানে রামগতি ও কমলনগর উপজেলা) ১২টি ইউনিয়নে একটি করে বীজাগার স্থাপন করে। প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন এলাকায় ৯ শতক করে জমি কিনে বীজাগারের জন্য পাকা ভবন নির্মাণ করা হয়। রামগতির চর আবদুল্লাহ ইউনিয়নের বীজাগারটি মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে। অপর ১১টি বীজাগার জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সভাপতি ও উপসহকারী কৃষি কর্মকর্তা সালেহ উদ্দিন ফেরদৌস বলেন, আগে এসব বীজাগারে সরকারিভাবে সার, বীজ ও কীটনাশক সংরক্ষণ করা হতো। ইউনিয়ন পর্যায়ে কর্মরত কৃষি সহকারীর (ইউএএ) মাধ্যমে সেগুলো কৃষকদের মধ্যে বিতরণ করা হতো। এ ছাড়া বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ সহায়তা দেওয়া ছাড়াও ইউনিয়ন পর্যায়ে কৃষি বিভাগের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হতো এসব বীজাগার থেকে। তিনি বলেন, ডিলারের মাধ্যমে (বেসরকারিভাবে) সার, বীজ ও কীটনাশক খোলাবাজারে বাজারজাত করা শুরু হলে একপর্যায়ে এসব বীজাগার বন্ধ করে দেওয়া হয়। এ কারণে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় বীজাগারের ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। কয়েকটি বীজাগারের জমি বেদখল হয়ে গেছে। নির্মাণের পর এসব ভবন আর সংস্কার করা হয়নি। বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের কোনো উদ্যোগও নেওয়া হয়নি।
চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর সূর্যমুখী সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) কৃষক ক্লাবের সভাপতি ঊষা রায়, বড়খেরি ইউনিয়নের দক্ষিণ বড়খেরি সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম) কৃষক ক্লাবের সভাপতি সেকান্দর আলী ও চররমিজ ইউনিয়নের চরমেহার আদর্শপাড়া দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা (ডিসিআরএমএ) কৃষক ক্লাবের সভাপতি গোলাম কবির বলেন, নির্দিষ্ট কার্যালয় না থাকায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের ঘুরে ঘুরে কাজ করতে হয়। এতে প্রয়োজনের সময় ওই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে কৃষকদের সমস্যা হয়। ইউনিয়ন বীজাগারগুলো সংস্কার করে সেখানে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কার্যালয় ও কৃষি পরামর্শকেন্দ্র স্থাপন করা হলে স্থানীয় কৃষকেরা উপকৃত হবেন।
রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুচ ছোবহান ও কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক ভূঁইয়া বলেন, ইউনিয়ন বীজাগারের জরাজীর্ণ ভবনগুলো সংস্কার ও বেদখল হওয়া জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।