জরায়ু ক্যানসারের ১২ হাজার রোগী চিহ্নিত: স্বাস্থ্যমন্ত্রী
দেশে জরায়ু মুখ ক্যানসার আক্রান্ত ১১ হাজার ৯৫৬ জন নারী চিহ্নিত করা হয়েছে। যা মোট ক্যানসার আক্রান্ত নারীদের ১৯ দশমিক ৩০ শতাংশ।
আজ রোববার সংসদে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংসদ মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি আরও জানান, গত বছর জরায়ু মুখ ক্যানসার আক্রান্ত নারীদের চিহ্নিত করা হয়েছে। খবর বাসসের।
মোহাম্মদ নাসিম বলেন, স্তন ক্যানসারে আক্রান্ত ১৪ হাজার ৮৩৬ জনকে গত বছর চিহ্নিত করা হয়েছে। যা মোট ক্যানসার আক্রান্ত নারীদের ২৩ দশমিক ৯০ শতাংশ। তিনি বলেন, ২০১৩ সালে জরায়ু মুখ (সারভিক্যাল) ক্যানসারে ছয় হাজার ৫৮২ জন ও স্তন ক্যানসারে সাত হাজার ১৪২ জন রোগী মারা যায়।
মন্ত্রী বলেন, জরায়ু মুখ স্ক্রিনিং করে জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধ করা যায়। এ ছাড়া, রোগের প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তা নিরাময় করা সম্ভব। স্তন স্ক্রিনিং করে প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়লে চিকিৎসায় অধিকাংশ রোগী ভালো হয়।
মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বর্ণিত দুটি রোগ নির্ণয় ও চিকিৎসার সব ধরনের ব্যবস্থা আছে। সরকার-নির্ধারিত স্বল্পমূল্যে অথবা বিনা মূল্যে প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অধিকাংশ মেডিকেল কলেজ হাসপাতালে এ রোগ দুটির চিকিৎসার ব্যবস্থা আছে। বেসরকারি পর্যায়ে কয়েকটি হাসপাতাল এ রোগ দুটির চিকিৎসা দিয়ে থাকে।