দেশে জরায়ুমুখের ক্যানসারের প্রধান কারণ বাল্যবিবাহ। প্রতিবছর এ রোগে ১২ হাজার নারী আক্রান্ত হন। আর মারা যান প্রায় সাড়ে ৬ হাজার। তবে এই রোগ প্রতিরোধযোগ্য। প্রতিরোধে দরকার সবার সচেতনতা ও চিকিৎসা।
গতকাল মঙ্গলবার সকালে ‘জননীর কাছে সবার আছে জন্মঋণ, জরায়ুমুখের ক্যানসার সচেতনতায় অংশ নিন’ শিরোনামে শোভাযাত্রা শুরুর আগে বক্তারা এসব কথা বলেন। জরায়ুমুখের ক্যানসার সচেতনতা বাড়াতে দ্বিতীয়বারের মতো এর আয়োজন করে জননীর জন্য পদযাত্রা।
এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, সহ–উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ কয়েকজন চিকিৎসক। এ সময় তাঁরা বলেন, অল্প বয়সে বিয়ে হলে বিবাহিত জীবন দীর্ঘ হয়, সন্তান জন্ম দেওয়ার হার বেড়ে যায়। এতে জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। চিকিৎসকেরা বলছেন, জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হলে মাসিকের রাস্তায় অতিরিক্ত ও দুর্গন্ধযুক্ত সাদা স্রাব যেতে পারে। অস্বাভাবিক রক্তক্ষরণও হতে পারে। পাশাপাশি, মাসিকের সময়কাল বেড়ে যেতে পারে।
চিকিৎসকেরা বলেন, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধযোগ্য। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় হলে অল্প চিকিৎসাতেই নিরাময় সম্ভব।