জরিনার ট্রেনযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসে উঠতে না পারা কমলাপুরে ট্রেন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় জরিনা বেগম। ছবি: আসাদুজ্জামান
বাসে উঠতে না পারা কমলাপুরে ট্রেন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় জরিনা বেগম। ছবি: আসাদুজ্জামান

চার বছর আগে সড়ক দুর্ঘটনার শিকার হন জরিনা বেগম। প্রাণে বেঁচে গেলেও বাঁ পায়ে প্রচণ্ড আঘাত পান। সেই থেকে হাঁটাচলা করতে বেশ কষ্ট হয় তাঁর।

সাত দিন আগে গাজীপুর থেকে ঢাকার ফার্মগেটে মেয়ের বাসায় বেড়াতে আসেন জরিনা। গাজীপুরে ছেলের বাসায় যাওয়ার জন্য আজ শনিবার সকাল ৯টায় ফার্মগেটের বাসস্ট্যান্ডে আসেন তিনি। বাস এলে তাতে উঠতে যান; তখন চালকের সহকারীরা (হেলপার) তাঁকে শুনিয়ে দেন, তিনি বৃদ্ধ মানুষ। সিট খালি নেই। দেড় ঘণ্টা ধরে বাসে ওঠার সব চেষ্টা করে ব্যর্থ হন জরিনা। কোনো কোনো সময় বাসচালকের সহকারীদের ধাক্কাও খেয়েছেন।

বাসে উঠতে না পেরে বহু কষ্টে বেলা সাড়ে ১১টায় জরিনা যান কমলাপুর স্টেশনে। সেখানেও তাঁকে অপেক্ষা করতে হয় প্রায় এক ঘণ্টা।

বাসের হেলপারদের কাছ থেকে ধাক্কা খাওয়ার কথা বলতে গিয়ে হু হু করে কেঁদে ফেলেন জরিনা বেগম (৮০)। তিনি বললেন, ‘সকাল থেকে বাসে ওঠার চেষ্টা করেছি। আমি বলেছি, আমি রোজাদার মানুষ। আমার পায়ের সমস্যা। আমাকে উঠতে দিন। কিন্তু তাঁরা আমাকে নিল না। সব বাসের হেলপাররাই বলতে থাকে, আমি বৃদ্ধ। বাসে কোনো সিট খালি নেই। আমাকে নেওয়া যাবে না।’

জরিনার গ্রামের বাড়ি ফরিদপুরে। নদীর গর্ভে তাঁদের ঘরবাড়ি। স্বাধীনতার পরপরই স্বামীর সঙ্গে চলে আসেন ঢাকায়। তাঁর এখন দুই ছেলে ও এক মেয়ে। চার ছেলে রেখে বড় মেয়ে মারা গেছেন। ছোট মেয়ে নার্গিস এখন সেই চার ছেলেকে মানুষ করছে। দুই ছেলে শাহীন ও মোস্তফা গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁদের কাছেই জরিনা বেগম থাকেন। মেয়ে নার্গিসও ঢাকায় পোশাক কারখানার কর্মী। স্বামী জহির উদ্দিন চার বছর আগে মারা গেছেন। তিনি নিরাপত্তাকর্মী ছিলেন।

জরিনার ভাষ্যমতে, কমপক্ষে ২০টি বাসে ওঠার চেষ্টা করেছেন তিনি। যখন তাঁকে বলা হচ্ছিল বাসে সিট খালি নেই, তখন তিনি দেখেছেন, বাসে সিট খালি আছে। ক্ষোভে-দুঃখে জরিনা বললেন,‘আমার তো বয়স হয়েছে দেখলেই বোঝা যায়। তারপরও হেলপাররা আমার সঙ্গে এমন ব্যবহার করল। মানুষের দিলে কী একটুও দয়া-মায়া নেই?’ বাসে উঠতে না পেরে না পেরে হাঁটতে হাঁটতে তিনি চলেন যান মগবাজার। সেখান থেকে একটি বাসে উঠে চলে যান কমলাপুর স্টেশনে। পরে বেলা একটার দিকে ট্রেনে ওঠেন তিনি, নামবেন জয়দেবপুরে।

জরিনা বললেন, দুই ছেলে শাহীন আর মোস্তফা তাঁকে বড্ড বেশি ভালোবাসেন। মেয়ে নার্গিসও তাঁর মাকে ঈদের দিন নিজের বাসায় রাখতে চেয়েছিলেন। কিন্তু দুই ছেলের সঙ্গে ঈদ কাটাতে চান। রওনা হওয়ার আগে মেয়ে নার্গিস তাঁর ভাইদের জানিয়ে দেন, মা বাসা থেকে বের হয়েছেন। বেলা একটার দিকে একটি ট্রেনে ওঠার আগে জরিনা বলছিলেন, ‘যতক্ষণ আগে বাসা থেকে রওনা দিয়েছিলাম, এত সময়ে গাজীপুরে যাওয়ার কথা। কিন্তু বাসায় না যাওয়ায় ছেলেরা নিশ্চয় আমাকে নিয়ে টেনশন করছে।’

বাসে চড়েই জরিনা বেগম গত সপ্তাহে ঢাকায় মেয়ে নার্গিসের বাসায় আসেন। ট্রেনে ওঠার আগে বললেন, ‘চার নাতি আর মেয়েকে দেখতে গাজীপুর থেকে বারবার ঢাকায় আসি। কিন্তু এবার হেলপারদের যে নিষ্ঠুর ব্যবহার পেলাম, তা কখনো ভুলব না।’