জরিপ করে ১১ বছর চুপ!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আর্সেনিক পরিস্থিতি জানতে উদ্যোগ নিয়েছিল সরকার। এ জন্য ২০০৩ সালে একটি জরিপও করা হয়েছিল। এরপর ১১ বছর পার হয়েছে। কিন্তু আর্সেনিকের দূষণমুক্ত পানি সরবরাহের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে জেলার প্রধান আর্সেনিক আক্রান্ত হিসেবে পরিচিত এই উপজেলার মানুষ জেনেশুনে আর্সেনিকমিশ্রিত বিষাক্ত পানি পান করতে বাধ্য হচ্ছে।
উপজেলার পিরব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করিম বলেন, জরিপ শেষ হওয়ার পর আর্সেনিকবিষয়ক কর্মকাণ্ড স্থবির হওয়ার বিষয়টি উদ্বেগজনক।
এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুজ্জামান জানান, নিরাপদ পানি সরবরাহের জন্য ওই উপজেলার একটি গ্রামে পাইলট (পরীক্ষামূলক) প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু সুবিধাভোগী মানুষ প্রকল্পের বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ না দেওয়ায় প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। মূলত টাকার অভাবেই নিরাপদ পানি সরবরাহ করা যাচ্ছে না।
উপজেলা জনস্বাস্থ্য দপ্তর সূত্র জানায়, এই উপজেলায় ২০০৩ সালে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে জরিপ চালানো হয়। সেই সময় উপজেলার ১১০টি গ্রামে ২ হাজার ৭৫৫টি নলকূপে অসহনীয় মাত্রার আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। এসব নলকূপকে বিপজ্জনক হিসেবে লাল প্রলেপও দেওয়া হয়। তখন সাধারণ মানুষ এর ভয়াবহতা জেনে এসব নলকূপের পানি পান থেকে বিরত থাকে। কিন্তু পরে বিকল্প পানি না পাওয়ায় এবং কর্তৃপক্ষের আর কোনো উদ্যোগ না থাকায় ধীরে ধীরে ভয় কেটে যায়।
উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষ্মীকোলা দক্ষিণপাড়া সবচেয়ে বেশি আর্সেনিকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ওই গ্রামের ১২০টি নলকূপের মধ্যে ১১৮টিতে সেই সময় মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়। ওই গ্রামে বিকল্প পানি সরবরাহের জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা একাধিকবার গ্রাম ঘুরে গেছে। কিন্তু ১১ বছরেও কেউ বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেনি।
গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৪০) বলেন, ‘জরিপ করার সময় আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, শিগগিরই আর্সেনিক আক্রান্ত এলাকায় নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। কিন্তু তারপর আর কোনো উদ্যোগই চোখে পড়েনি।’ একই গ্রামের আবদুল গোফ্ফার জানান, লাল রঙের প্রলেপ দেওয়া নলকূপের দিকে সে সময় মানুষ ঘেঁষত না। কিন্তু নিরাপদ পানি না পেয়ে মানুষ ওই সব বিপজ্জনক নলকূপের পানিই পান করতে বাধ্য হচ্ছে।
দেউলী ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘উপজেলার মধ্যে আমার ইউনিয়নে আর্সেনিকের উপস্থিতি বেশি। আমি নিরাপদ পানি সরবরাহের জন্য বিভিন্ন জায়গায় বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি। আক্রান্ত এলাকায় কিছু নলকূপ বসানো হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।’