জরিপ কর্মকর্তাদের ভুলে শতাধিক কৃষকের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরএস দাগে জমি নথিভুক্ত না হওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দামোদরদী গ্রামের কৃষকেরা জমির খাজনা পরিশোধ করতে পারছেন না। নামজারি ও জমি বিক্রিও বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার শতাধিক কৃষক। তাঁদের অভিযোগ, ভূমি জরিপকারী কর্মকর্তাদের ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের পূর্ব দামোদরদী মৌজায় (জেএল নম্বর ৪৫০) জমির মালিকেরা ২০০৭ সালের পর থেকে জমি বিক্রি করতে পারছেন না। আরএস দাগে এসব ভূমির মালিক কৃষকের নাম নথিভুক্ত না হওয়ার কারণে স্থানীয় ভূমি কার্যালয় খাজনা ও নামজারি করে দিচ্ছে না।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল বাসেত বলেন, আরএস মাঠজরিপ হয় ১৯৬৯-৭০ সালে। পরে ১৯৭৮ সালে জরিপের চূড়ান্ত ফল ভূমি কার্যালয়ে নথিভুক্ত করা হয়। ২০০৭ সাল থেকে আরএসে যেসব ভূমি নথিভুক্ত হয়েছে, সেসব ভূমির খাজনা ও নামজারি শুরু হয়। কিন্তু পূর্ব দামোদরদী মৌজার জমি ভুল করে ভূমি জরিপকারী দল আরএসে নথিভুক্ত করেনি। বিষয়টি সংশোধনের জন্য গত সপ্তাহে এলাকাবাসী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন।

দামোদরদী গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ভূমি কার্যালয় বাপ-দাদার আমলের নিজস্ব সম্পত্তির নামজারি ও খাজনা নিচ্ছে না। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলু গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এখতিয়ারভুক্ত। অধিদপ্তর যত দিন ওই মৌজার ভূমি আরএস রেকর্ডে নথিভুক্ত না করবে, তত দিন পর্যন্ত আমরা নামজারি কিংবা খাজনা নিতে পারব না।’