পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, ভূমি জরিপ ছাড়া ভূমি বিরোধ নিষ্পত্তি সম্ভব নয়। গণবিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকজনের কাছ থেকে দরখাস্ত আহ্বানের মধ্য দিয়ে কমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। গতকাল শনিবার বেলা ১১টায় খাগড়াছড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।বিচারপতি মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনার ইতিহাস, বিদ্যমান আইন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ক্ষমতার পরিধি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ভূমি কমিশন ভারত প্রত্যাগত পুনর্বাসিত শরণার্থীদের ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং এযাবৎ পার্বত্যাঞ্চলের জমিজমা ও পাহাড়, যা অবৈধভাবে বেদখল হয়েছে, তার বিরোধ নিষ্পত্তি করবে।ভূমি কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশন ভূমি বিরোধ নিষ্পত্তিতে পরিকল্পনা প্রণয়ন করার ক্ষমতা রাখে। এর অংশ হিসেবে ভূমি কমিশন জরিপের কথা বলছে। জরিপের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত।গণবিজ্ঞপ্তি জারি সম্পর্কে তিনি বলেন, কমিশন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। দরখাস্তের ভিত্তিতে প্রচলিত আইন, রীতিনীতি, ঐতিহ্য, আদিবাসীদের অধিকার—সবকিছু বিচার-বিবেচনা করে কমিশন ভূমি বিরোধ নিষ্পত্তি করবে।