চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, নগরে যানজট কমানোর জন্য উড়ালসেতুই একমাত্র সমাধান নয়। এ জন্য নগরের বাইরে একাধিক বাইপাস নির্মাণ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা দরকার। বড় বাস চলাচল বাড়াতে হবে। এসব চিন্তা না করে রাজনৈতিক উদ্দেশ্যে বহদ্দারহাটে উড়ালসেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যানজট সমস্যার সমাধান হবে কি না তার কোনো জরিপ করা হয়নি।গতকাল শনিবার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ‘উড়ালসড়ক নিয়ে প্রত্যাশা এবং চট্টগ্রামে যান চলাচল সহজীকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজক আইইবি।গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ সুভাষ বড়ুয়া। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মোহাম্মদ হারুণের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সাংসদ মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ ও সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, চউকের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর পরিকল্পনা বিভাগের প্রধান রেজাউল করিম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি আলী আশরাফ, চউকের সাবেক প্রধান প্রকৌশলী আবুল কালাম প্রমুখ। আলোচনা শেষ হওয়ার আগেই প্রধান অতিথিসহ অনেকেই চলে যান। চউক ৯৮ কোটি টাকা ব্যয়ে গত নভেম্বর থেকে বহদ্দারহাট মোড়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ উড়ালসড়কের কাজ শুরু করেছে। ২০১২ সালের ডিসেম্বরে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। এ ছাড়া আরও তিনটি উড়ালসড়ক ও একটি ওভারপাসের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। মূল প্রবন্ধে সুভাষ বড়ুয়া বলেন, চট্টগ্রামের রাস্তায় চলাচলকারী মোট যানবাহনের ৩৭ শতাংশই রিকশা, ৩৯ শতাংশ অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ১১ থেকে ২০ শতাংশ এবং বাস-মিনিবাস ৮ থেকে ১১ শতাংশ। সব মিলিয়ে দেখা যায়, রিকশা ও অটোরিকশা মিলে মোট যানবাহনের ৭৭ থেকে ৮০ শতাংশ। প্রবন্ধে বলা হয়, একটি বাস কমপক্ষে ৩৫ জন যাত্রী বহন করতে পারে। এ জন্য একটি বাস বড়জোর ৩৩ ফুট সড়ক দখল করে। ওই পরিমাণ যাত্রী বহন করতে রিকশা সড়ক দখল করবে ১৩২ ফুট, কার ৪৬২ ফুট এবং অটোরিকশা ৯৯ ফুট। আইনশৃঙ্খলার উন্নতি, সড়কে বড় বড় বাস নামানো এবং প্রয়োজনে সড়কের লেন বাড়ালে যানজট পরিস্থিতির অনেক উন্নত হবে। প্রবন্ধে কর্ণফুলী নদীর পাড় ব্যবহার করে একাধিক বাইপাস নির্মাণের মাধ্যমে নগরে যানবাহনের চাপ কমানোর প্রস্তাব করা হয়। সাংসদ মোশাররফ হোসেন বলেন, ‘চউক বহদ্দারহাট এলাকায় যে উড়ালসড়ক নির্মাণ করছে, তা সড়ক না ওভারপাস বোঝা যাচ্ছে না। এটা নির্মিত হলে যানজটের সমাধান হবে, তাও আমরা বলতে পারছি না।’ সুলতান মাহমুদ বলেন, ‘উড়ালসড়ক নির্মাণের আগে জরিপ হয়নি। তবু আমরা চাই, উড়ালসড়ক হোক।’ রেজাউল করিম বলেন, কেবল উড়ালসড়ক নয়, যান চলাচল আধুনিকায়ন করতে হলে ট্রাফিক ব্যবস্থাপনা দরকার। রেল, সড়ক ও জলপথকে এক করে যানজট নিয়ন্ত্রণের পরিকল্পনা করতে হবে।