জরিপ বিশ্বাস করলে বিএনপির নির্বাচনে আসা উচিত: সুরঞ্জিত

‘জনসমর্থনে বিএনপি এগিয়ে’—প্রথম আলোর উদ্যোগে পরিচালিত জনমত জরিপের এই ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি জরিপের নিরপেক্ষতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। আর এই জরিপে ১৮ দল বিশ্বাস করলে তাদের নির্বাচনে আসা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা।
আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘আমরা মুজিব হবো’ নামের একটি সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রথম আলোর এই জরিপে দেখা গেছে, দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতি মানুষের সমর্থন আগের চেয়ে বেড়েছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ে প্রধান বিরোধী দল বিএনপির জনপ্রিয়তা বেড়েছে বেশি।
এ মুহূর্তে নির্বাচন হলে দেশের অর্ধেক মানুষ (৫০ দশমিক ৩ শতাংশ) বিএনপিকে ভোট দিতে চান। আর আওয়ামী লীগকে ভোট দিতে চান ৩৬ দশমিক ৫ শতাংশ মানুষ। জনসমর্থন হারিয়েছে জাতীয় পার্টি (এরশাদ) ও জামায়াতে ইসলামী। প্রথম আলোর উদ্যোগে পেশাদার জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড পরিচালিত সাম্প্রতিক জরিপে এ ফলাফল উঠে এসেছে।
সুরঞ্জিত বলেন, ‘যদি ১৮ দল এই জরিপ বিশ্বাস করে, তাহলে তারা নির্বাচনে চলে আসুক। কারণ এই জরিপে তাদের জনপ্রিয়তা ৫০ শতাংশের ওপরে। তাহলে নির্বাচনে আসতে ভয় কীসের?’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া যদি এই জরিপে ১০০ পারসেন্ট বিশ্বাস করেন, তাহলে নির্বাচনে চলে আসার ঘোষণা কালকেই দেওয়া উচিত। অযথা অস্থিরতা ছড়ানোর সুযোগ নেই।’
দপ্তরবিহীন মন্ত্রী প্রধান বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ‘২৪ অক্টোবরের পরও সংসদ চলবে। সরকারও থাকবে, নির্বাচনও হবে। ২৪ অক্টোবর গেল গেল বলে দেশটাকে মগের মুল্লুক বানাবেন না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে আর নির্বাচন হবে না।’
আজকের আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হুমায়ুন কবীর।