জরিপ বিশ্বাস করলে বিএনপির নির্বাচনে আসা উচিত: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনসমর্থনে বিএনপি এগিয়ে’—প্রথম আলোর উদ্যোগে পরিচালিত জনমত জরিপের এ ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তবে তিনি এ-ও বলেছেন, এ জরিপ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল বিশ্বাস করলে তাদের নির্বাচনে আসা উচিত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘আমরা মুজিব হবো’ নামের একটি সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে বক্তৃতা করেন।
প্রথম আলোর উদ্যোগে পেশাদার জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড পরিচালিত জরিপে এসেছে, এ মুহূর্তে নির্বাচন হলে ৫০ দশমিক ৩ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান। আর আওয়ামী লীগকে ভোট দিতে চান ৩৬ দশমিক ৫ শতাংশ মানুষ।
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যদি ১৮ দল এ জরিপ বিশ্বাস করে, তাহলে তারা নির্বাচনে চলে আসুক। কারণ, এ জরিপে তাদের জনপ্রিয়তা ৫০ শতাংশের ওপরে। তাহলে নির্বাচনে আসতে ভয় কিসের?’ তিনি প্রধান বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ‘২৪ অক্টোবরের পরও সংসদ চলবে। সরকারও থাকবে, নির্বাচনও হবে। ২৪ অক্টোবর গেল গেল বলে দেশটাকে মগের মুল্লুক বানাবেন না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে আর নির্বাচন হবে না।’