মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল এবং জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্তের জরিপকাজ সম্পন্ন শেষে খসড়া মানচিত্রে যৌথ জরিপ দল স্বাক্ষর করেছে। জুড়ীর লাঠিটিলা এলাকায় গত শনিবার বিকেলে দ্বিপক্ষীয় বৈঠকে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এদিকে পাল্লাতলে অপদখলীয় জায়গায় বসবাসকারী বাংলাদেশি লোকজনের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।জরিপসংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, বড়লেখার পাল্লাতল সীমান্তের ১৩৭০ নম্বর প্রধান সীমান্তখুঁটির ১ নম্বর উপখুঁটি (সাবপিলার) থেকে ১৩৭৪ নম্বর প্রধান সীমান্তখুঁটির ১ নম্বর উপখুঁটি পর্যন্ত প্রায় ৩৬০ একর জায়গা বাংলাদেশের অপদখলে আছে। ওই জায়গায় শতবর্ষী পাল্লাতল চা-বাগান ও পাল্লাতল খাসিয়াপল্লির পানজুমের বেশ কিছু জায়গা পড়েছে। দুটি জায়গায় প্রায় তিন হাজার লোক বসবাস করছে। গত বছরের ডিসেম্বর মাস থেকে পাল্লাতলে জরিপকাজ শুরু হয়। সমপ্রতি অপদখলীয় ৩৬০ একরের মধ্যে ৬৯ একর বাদে বাকি জায়গা ভারতকে ছেড়ে দেওয়া হচ্ছে—এ রকম খবরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর বাধায় গত ২৮ আগস্ট যৌথ জরিপ দল সেখানে কাজ করতে পারেনি।সূত্র জানায়, জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৩৯৭ নম্বর প্রধান খুঁটি থেকে ১৪০০ নম্বর প্রধানখুঁটির ২ নম্বর আর বি (বাংলাদেশ অংশে খুঁটি) ও ১ নম্বর আর আইয়ের (ভারত অংশে খুঁটি) মধ্যবর্তী এলাকায় কোনো সীমান্তখুঁটি নেই। ফলে সেখানকার প্রায় ১২০ একর জায়গার মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে জায়গাটি বাংলাদেশের দখলে আছে। প্রায় ৭০টি পরিবার সেখানে বসবাস করছে। বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দল বিরোধপূর্ণ জায়গা জরিপ করে। এতে জায়গাটি বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে দেখা যায়। সূত্র জানায়, গত শনিবার বিকেলে লাঠিটিলা এলাকায় যৌথ জরিপ দলের একটি বৈঠক হয়। সেখানে বাংলাদেশের পক্ষে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সহকারী জরিপ কর্মকর্তা ফেরদৌস হোসেনের নেতৃত্বে চার সদস্যের এবং ভারতের পক্ষে আসাম রাজ্যের জরিপ অধিদপ্তরের করিমগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ডি কে বড়ালের নেতৃত্বে চার সদস্যের দল অংশ নেয়। পরে লাঠিটিলার অমীমাংসিত ও পাল্লাতলের অপদখলীয় জায়গার নির্দেশক মানচিত্রে (ইনডেক্স ম্যাপ) যৌথ স্বাক্ষর সম্পন্ন হয়।