জরিপে ভিক্ষুকেরা আগ্রহ দেখালেও অনেককে পাওয়াই যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নির্বাচনী ইশতেহার এবং অর্থমন্ত্রীর ২০০৯-১০ অর্থবছরের বাজেট বক্তৃতায় প্রথম ভিক্ষুকদের পুনর্বাসনের কথা বলা হয়। এ লক্ষ্যে এ পর্যন্ত কয়েক দফা অর্থ বরাদ্দ করা হয়েছে। ঘটা করে হয়েছে ভিক্ষুক জরিপ। কিন্তু এ পর্যন্ত একজন ভিক্ষুকও পুনর্বাসিত হননি।গত বছরের ৩০ সেপ্টেম্বর রাজধানীতে আলোচিত ভিক্ষুক জরিপে ১০ হাজার ভিক্ষুকের ছবি ও তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্য থেকে দুই হাজার ভিক্ষুককে পুনর্বাসন করার কথা ছিল। কিন্তু এখন নিজ এলাকায় পুনর্বাসনে আগ্রহী মাত্র ২৫৩ জনকে পাওয়া যাচ্ছে। অথচ গত বছরের ডিসেম্বরে প্রকাশিত ভিক্ষুক জরিপের ফল অনুযায়ী, ঢাকা শহরের ৮০ দশমিক ৪৮ শতাংশ ভিক্ষুকই পুনর্বাসনের জন্য নিজ জেলায় যেতে চান। ঢাকায় ভিক্ষুক জরিপের সময় পুনর্বাসনে রাজি হয়েছিলেন এমন অনেককে তাঁদের দেওয়া ঠিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, এলাকার লোকজন সেই ব্যক্তি আসলে পোশাকশিল্প বা অন্য কোথাও কাজ করেন বলে জানেন। কারও কারও আর্থিক অবস্থা ভালো। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচিতে এ অবস্থার সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা খানিকটা বিব্রত। ২০১০ সালে সমাজসেবা অধিদপ্তরে ভিক্ষাবৃত্তি নিরসন সেল গঠন হয়। ২০১০-১১ অর্থবছরে এ জন্য ছয় কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ না হওয়ায় সেই টাকা খরচ হয়নি। পরের অর্থবছরে রাজস্ব খাতের বরাদ্দের প্রায় পুরোটাই ফেরত গেছে। চলতি অর্থবছরে আবার ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভিক্ষাবৃত্তি নিরসন সেলের প্রধান অন্য প্রশিক্ষণে থাকায় গত জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত এ দায়িত্বে রয়েছেন মির্জা তারিক হিকমত। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভিক্ষুক পুনর্বাসনের বিভিন্ন প্রক্রিয়া চলমান। ভিক্ষুকদের সেভাবে উদ্বুদ্ধ করা সম্ভব না হলে ভালো ফল পাওয়া যাবে না।’ভারপ্রাপ্ত সেলপ্রধান জানান, নির্বাচিত ভিক্ষুকদের গণভবনে একটি উদ্বুদ্ধকরণ সভার পর সরকারি আশ্রয়কেন্দ্রে রেখে প্রশিক্ষণ দেওয়া হবে। পুনর্বাসনের জন্য নির্বাচিত নারীদের জন্য ছোট দোকানঘর এবং পুরুষদের জন্য রিকশা বা রিকশাভ্যান দেওয়া হবে। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রথম আলোকে বলেন, ঈদের পর ময়মনসিংহ থেকে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় মন্ত্রী গত জানুয়ারিতে এ কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নির্বাচিত পুরুষ ভিক্ষুকদের ময়মনসিংহের ধলা সরকারি পুনর্বাসন কেন্দ্র এবং নারী ভিক্ষুকদের গাজীপুরের কাশিমপুর পুনর্বাসন কেন্দ্রে রেখে প্রশিক্ষণ দেওয়া হবে। আশ্রয়কেন্দ্রের সংস্কারকাজ চলছে। বিতরণের জন্য ভ্যান ও রিকশা সংগ্রহ করার কাজও চলছে। আইনি জটিলতা এ কর্মসূচির ধীরগতির জন্য দায়ী বলে অনেকে মনে করেন। জীবিকার অধিকার ও সামাজিক নিরাপত্তার যুক্তিতে ভিক্ষুক জরিপের প্রতিবাদ জানিয়ে গত বছর আইন ও সালিশ কেন্দ্র (আসক) হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্ট বিভাগ তখন সরকারের ওপর রুল জারি করেন। এর পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আবেদনে আইন মন্ত্রণালয় গত এপ্রিল মাসে আইনি মতামতে জানায়, হাইকোর্ট পুনর্বাসন কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ দেননি বলে কর্মসূচি চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। স্টিয়ারিং কমিটির সভার কার্যপত্র অনুযায়ী, পুনর্বাসনে আগ্রহী ময়মনসিংহ, জামালপুর ও বরিশাল জেলার ভিক্ষুকদের তালিকা দেওয়ার জন্য ঢাকার জরিপকারী ১০টি এনজিওকে দায়িত্ব দেওয়া হলেও এ পর্যন্ত মাত্র পাঁচটি এনজিও তালিকা দিয়েছে। এ ছাড়া স্টিয়ারিং কমিটি গঠন বিষয়ে জটিলতার কারণে বরিশাল জেলায় পুনর্বাসন কার্যক্রম পরিচালনা স্থগিত রাখা হয়েছে।