জরিপের আগে ভূমিবিরোধ নিষ্পত্তি চায় আদিবাসীরা
আদিবাসী নেতারা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের কাজ ভূমিবিরোধ নিষ্পত্তি করা। কিন্তু তা না করে কমিশন আগে ভূমি জরিপের কাজ শুরু করছে। অগ্রাধিকার ভিত্তিতে ভূমিবিরোধ নিষ্পত্তি করা উচিত। গতকাল শনিবার রাজধানীর এলজিইডি ভবন মিলনায়তনে ‘আদিবাসী জাতিগোষ্ঠীর ভূমির অধিকার ও উন্নয়ন’ শীর্ষক জাতীয় সেমিনারে নেতারা এসব কথা বলেন।তবে সেমিনারে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, পার্বত্য অঞ্চলে ভূমির সমস্যা সমাধানে আগে ভূমি জরিপ করা হবে। শুধু পার্বত্য অঞ্চলে নয়, যেসব অঞ্চলে আদিবাসীদের সঙ্গে বাঙালিদের ভূমি নিয়ে বিরোধ রয়েছে, সেসব অঞ্চলে ভূমি জরিপ করা হবে। আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১০ উপলক্ষে যৌথভাবে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বেসরকারি সংস্থা এএলআরডি।সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন একটি আদালত। এর কাজ ভূমিবিরোধ নিষ্পত্তি করা। ভূমি জরিপ করা তাদের কাজ নয়। কিন্তু কমিশন ভূমিবিরোধ নিষ্পত্তি না করে জরিপের কাজ শুরু করছে। সেমিনারে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংসহ বেশ কয়েকজন আদিবাসী নেতা একই ধরনের মত প্রকাশ করেন। ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, ভূমি ও বন-ব্যবস্থাপনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। তিনি বলেন, ভূমি কমিশন আইন-২০০১ সংশোধন করা প্রয়োজন। কারণ এ আইন পার্বত্য চুক্তির সঙ্গে সংগতিপূর্ণ নয়।প্রধান অতিথির বক্তব্যে সাজেদা চৌধুরী বলেন, বাঙালিদের একটা সময় জোর করে পার্বত্য অঞ্চলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখন আর তাঁদের বের করা যাচ্ছে না। ফলে ভূমি নিয়ে আদিবাসীদের সঙ্গে তাঁদের বিরোধ দেখা দিচ্ছে। এ জন্য আগে ভূমি জরিপ করা উচিত। তাহলে সহজেই ভূমিবিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ভূমির মালিকানা নিয়ে আলাদা দুটি দর্শন আছে। বাঙালিরা ব্যক্তিমালিকানায় বিশ্বাসী, আর আদিবাসীরা সামাজিক মালিকানায় অভ্যস্ত। এ দর্শন মাথায় রেখেই আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান করতে হবে। আদিবাসীদের সংস্কৃতি রক্ষায় বাংলা একাডেমীর আদলে ঢাকায় একটি একাডেমী প্রতিষ্ঠারও দাবি জানান তিনি।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের মতো সমতল ভূমির বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শিগগিরই কাজ শুরু করা হবে। এ জন্য প্রয়োজনে সমতল ভূমির জন্য একটি কমিশন গঠন করা হবে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন।’ সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, সরকার সংবিধান সংশোধনের কাজ শুরু করেছে। এখনই সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার।তিনটি পর্বে এই জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। পৃথক সেমিনারে এএলআরডির চেয়ারপারসন খুশী কবির, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ব্র্যাকের সামাজিক উন্নয়ন কর্মসূচির পরিচালক আন্না মিনজ, আইনজীবী সারা হোসেন প্রমুখ এতে বক্তব্য দেন।