পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপের কাজ করছে। ভূমি কমিশন জরিপ চালিয়ে প্রকৃত ভূমির মালিকদের জায়গা বুঝিয়ে দেবে। গত রোববার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চৌমুহনী মুক্তমঞ্চে আয়োজিত এক জনসভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দীপংকর তালুকদার আরও বলেন, বাঘাইছড়ি পৌরসভায় শিগগিরই বিশুদ্ধ পানি সরবরাহের জন্য এক কোটি ৮০ লাখ টাকার প্রকল্পের কাজ শুরু হবে। তিনি বলেন, এখানে বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে জনজীবন অতিষ্ঠ। তাই দ্রুত সাব-স্টেশন বসানোর কাজ শুরু হবে। বাঘাইছড়ি পৌরসভায় বাস টার্মিনাল না থাকায় গাড়িগুলো রাস্তায় যত্রতত্র রাখা হয়। তাই বাস টার্মিনাল নির্মাণের কাজও শিগগির শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী। জনসভায় বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা ও জেলা আওয়ামী লীগের সভানেত্রী আনোয়ারা চিনু প্রমুখ।