জরিপের পর যার যার জমি তাকে ফিরিয়ে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, খুব শিগগিরই পার্বত্য ভূমি কমিশন কাজ শুরু করবে। ভূমি জরিপের পর যার যার জমি তাকে ফিরিয়ে দেওয়া হবে। কোনো খাসজমি অবশিষ্ট থাকলে তা ভূমিহীনদের দেওয়া হবে।সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকা পরিদর্শনকালে গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই মর্মাহত হয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আগামী তিন মাস ভিজিএফ কর্মসূচি চালু করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাদ্যনিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাঘাইহাটে যে ঘটন া ঘটে গেছে তা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা জানানোর ভাষা আমার জানা নেই। যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক, তাদের শাস্তি পেতেই হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, যেসব পরিবারের সদস্য নিহত হয়েছেন সেসব পরিবারকে বিশেষ ব্যবস্থায় পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সরকারদলীয় সাংসদ, ভারত প্রত্যাগত শরণার্থী, পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদার, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম এ এন সিদ্দিকী, জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, পুলিশ সুপার মাসুদ-উল-হাসান, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা প্রমুখ।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলোর মধ্যে প্রায় ২০০ পরিবারের প্রত্যেককে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল, একটি করে কম্বল, মেয়েদের পিনন, গেঞ্জি, গামছা এবং দুটি করে চামচ, পাতিল ও প্লেট বিতরণ করেন।এরপর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বাঘাইহাট বাজারের সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাঙালিদের সঙ্গে সভা করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের সাফল্যকে আড়াল করতে দেশব্যাপী সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, এখানে আদিবাসী ও বাঙালিদের সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হবে। কারও উসকানিতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার হেলিকপ্টারে করে বাঘাইহাট সেনা জোনে নামেন। বেলা দুইটার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়ির উদ্দেশে বাঘাইহাট ত্যাগ করেন।