জরিপের ২৫ বছর পার হলেও রেকর্ড ও পর্চা মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার ৮৯টি মৌজার ভূমি জরিপের ২৫ বছর পার হলেও সাধারণ মানুষ অধিকাংশ মৌজার মুদ্রিত রেকর্ড ও পর্চা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার গুয়াখোলা গ্রামের আজাহার আলী বিশ্বাস বলেন, ‘লোনের (ঋণ) জন্য বারবার ব্যাংকে যাচ্ছি। কিন্তু লোন কর্মকর্তার ওই এক কথা; হয় জমির রেকর্ডের ফাইনাল পর্চা দিতি হবে, না হয় ওয়ারেস কায়েম সার্টিফিকেট এবং ভাইবোনদের নামপত্তনের পর্চা দিতি হবে। জরিপির ২৪-২৫ বছর হতি গেল, এখনো রেকর্ডের পর্চা হাতে পালাম না।’ তাঁর মতো বিপাকে পড়েছেন উপজেলার কয়েক হাজার মানুষ।উপজেলা সেটেলমেন্ট অফিস সূত্রে জানা গেছে, প্রতি ২৫ বছর পরপর ভূমি রেকর্ড করা হয়। ১৯২২ সালে সিএস (ক্যালেসট্রোলার সার্ভে) এবং ১৯৫৫ সালে এসএ (স্টেট অ্যাকুইজিশন সার্ভে) রেকর্ড শুরু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৬ সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর রিভিউশনাল সার্ভে (আরএস) বা সংশোধিত জরিপের কাজ শুরু করে। সেই মোতাবেক মাঠ জরিপ শেষে চূড়ান্ত রেকর্ডের জন্য পর্যায়ক্রমে উপজেলার ৮৯টি মৌজার সব কাগজপত্র সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো শুরু হয়। সবশেষ ২০০৬ সালে অবশিষ্ট মৌজাগুলোর মাঠ জরিপের কাগজপত্র পাঠানো হয়। এর মধ্যে মামলাজনিত কারণে একটি মৌজার মাঠ জরিপের কাগজপত্র যশোর জেলা প্রশাসনের রেকর্ড-কক্ষে রাখা হয়েছে। অন্যগুলোর মধ্যে এ পর্যন্ত ৪৩টি মৌজার মুদ্রিত রেকর্ড ও পর্চা এসেছে। এর মধ্যে পাঁচটি মৌজার রেকর্ড ও পর্চা এলেও মুদ্রিত নকশা আসেনি। অবশিষ্ট ৪৬টি মৌজায় কবে নাগাদ আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।বগুড়াতলা গ্রামের ইনছার আলী বলেন, ‘প্রায় ২৫ বছর হতে চলল জরিপ হয়েছে। কিন্তু আজ পর্যন্ত রেকর্ডের ছাপানো পর্চা পেলাম না। এগুলো না পাওয়ায় জমি-বেচাকেনা, রেজিস্ট্রি ও লোন তোলা—সবকিছুতেই ঝামেলা পোহাতে হয়। টাকা খরচ হয় বেশি।’অভয়নগর গ্রামের মাধব চন্দ্র বর্মণ বলেন, ‘আমি একটা মৌজার ছাপানো পর্চা পেয়েছি। কিন্তু এতে আমার জমি অন্য লোকের নামে এবং অন্য লোকের জমি আমার নামে রেকর্ড হয়ে গেছে। ম্যাপেও ভুল।’অভয়নগর উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা এস এম খালেদ প্রথম আলোকে বলেন, একটি মাত্র প্রেসে রেকর্ডের পর্চা মুদ্রিত হয়। এ জন্য জট লেগে আছে। মাঠ জরিপ শেষে ২০০৬ সালে উপজেলার সব মৌজার কাগজপত্রের রেকর্ড মুদ্রণের জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত অর্ধেক মৌজার মুদ্রিত রেকর্ড ও পর্চা আসেনি। আবার অনেক মৌজায় এলেও নকশা আসেনি। অবশিষ্ট মৌজার মুদ্রিত রেকর্ড, পর্চা ও নকশা কবে নাগাদ আসবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এগুলোর ভুল সংশোধনের জন্য অধিদপ্তরের নির্দেশনামতো ব্যবস্থা নেওয়া হবে।