জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ায় শাহজাহান আলী মোল্লা নামের এক ভুয়া কবিরাজকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার ডেমরা ইউনিয়নের সোনাতলা নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে ওই দণ্ড দেওয়া হয়।
সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ জানান, শাহজাহান আলী একসময় জন্ডিস রোগের চিকিৎসা দিতেন। সম্প্রতি তিনি সব রোগের চিকিৎসা দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন।  পাবনা অফিস

দুপচাঁচিয়ায় রোপা আমনে খোল পচা রোগ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রোপা আমনে খোলপচা রোগ দেখা দিয়েছে। ভাপসা গরম ও জমি পানিশূন্য হওয়ায় এ রোগ দেখা দিয়েছে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়ায় এবার ১৩ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ১২ হাজার ৩৫০ হেক্টর জমিতে উফশী জাতের ধান এবং ৮৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান রোপণ করেছেন কৃষকেরা। আশ্বিন মাসের শেষ সপ্তাহের মধ্যে আমন ধানে শীষ বের হবে। কিন্তু এ মুহূর্তে জমিতে পানির সংকট দেখা দিয়েছে।
২১ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচণ্ড গরমে জমির মাটি শুকিয়ে গেছে। সেই সঙ্গে ধান গাছে খোলপচা রোগে দেখা দিয়েছে। গাছের গোড়া পচে যাচ্ছে। ফেঁপিড়া গ্রামের কৃষক তরুণ মজুমদার, দুবরা গ্রামের মোজাহার আলীসহ আরও কয়েকজন কৃষক জানান, ধান রোপণের সময় তাঁরা জমিতে সেচের ব্যবস্থা করেছিলেন। পরে সামান্য বৃষ্টি হওয়ায় ধানের গাছ ভালোভাবে বেড়ে ওঠে। এরপর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড গরমে ধানগাছে খোলপচা রোগ দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, এ রোগের কারণে ধানগাছে শীষ দেখা দিলেও তাতে ধান থাকবে না। কৃষি কর্মকর্তারা এ রোগ প্রতিকারের জন্য বিভিন্ন ব্লকে কৃষকদের নিয়ে সভা ও লিফলেট বিতরণ করছেন। আবহাওয়া ঠান্ডা হলে ধানগাছ এ রোগ থেকে রক্ষা পাবে।