ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজারের ছয় ব্যবসায়ী, দুই মোটরসাইকেল আরোহীসহ ১০ জনকে ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে ওই আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। আদালত ওই বাজারের রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টির দোকানের মালিকসহ ছয় ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত অগ্নি প্রতিরোধ আইনে এক পাট ব্যবসায়ীকে দুই হাজার টাকা, দুই মোটরসাইকেল চালকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রত্যেককে ৫০০ টাকা করে ও প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে একজনকে ৩০০ টাকাসহ মোট ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশ, পাটের দোকানে বসে ধূমপান এবং মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজ না থাকায় এ জরিমানা করা হয়।