প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বুধবার পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৫৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে মাছ ধরার দায়ে ২০ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভোরে গোয়েন্দা পুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে সদর উপজেলার গোদার বাজার এলাকা থেকে বরাট ইউনিয়নের অন্তারমোড় পর্যন্ত ওই অভিযান চালায়। তা ছাড়া ২০ জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) রওশন আরা পলি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ছাড়া জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।