প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির নলছিটি উপজেলায় চিকিৎসার নামে প্রতারণার দায়ে দুই ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন হুমায়ুন কবির ও মিরাজ হোসেন। গত রোববার সন্ধ্যায় এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও শাহ মোহাম্মদ কামরুল হুদা। পুলিশ জানায়, গত শনিবার উপজেলার উত্তর রানাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চক্ষু ক্যাম্প বসায় একটি প্রতারক চক্র। সেখানে চিকিৎসক হিসেবে থাকা ওই দুজনের আচরণ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাসীর চাপে দুজনই তাঁদের কোনো চিকিৎসা সনদ না থাকার কথা স্বীকার করেন। এলাকাবাসী পরে তাঁদের পুলিশে সোপর্দ করে। রোববার সন্ধ্যায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।