রাজধানীর পূর্ব জুরাইনে গরু মোটাতাজা করার ওষুধ মজুত ও বিক্রির দায়ে গতকাল বুধবার ওষুধ তৈরির একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পূর্ব জুরাইনে নিউটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অভিযান চালান। অভিযানে অংশ নেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব-১০-এর একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি ড্রাগ লাইসেন্স নেওয়া ছাড়াই ভেটেরিনারি-জাতীয় ওষুধ তৈরি, মজুত ও বিক্রি করে আসছিল। এর দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. আহসান জামিল ও মঈদ কামালকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব সূত্র জানায়, অনুমোদান ছাড়া গুদামঘরে গরু মোটাতাজা করার ইন্টা-৫০ ইনজেকশন, ইনভারমেটিক ইনজেকশন, এন্টলক্স এলসি ১০ শতাংশ লিকুইড, কলিপহর ওরাল সলিউশন, এনজলিক ইনজেকশন, কসিওলক সলিউশন, স্পির ইনজেকশন, টেজলো এসটিডি, এ্যামক্সিসিলিন, ডক্সবিট ইত্যাদি রেজিস্ট্রেশনবিহীন ওষুধ জব্দ করে পরে তা ধ্বংস করা হয়।