জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোড়া তেল ও দূষিত পানি ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দোকানে মূল্যতালিকা না টাঙানো, অতিরিক্ত দামে খাবার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের কারণে চট্টগ্রাম নগরের আটটি খাবারের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নগরের ফয়’স লেক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মোট ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি। আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযানে সহায়তা করে। জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে আরাফাত অ্যান্ড আবির স্টোরকে ১৫ হাজার টাকা, পিপাসা কুলিং কর্নারকে ২০ হাজার, হোটেল স্বর্ণালীকে ২০ হাজার, আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার, পানসি রেস্টুরেন্টকে ৫০ হাজার, পারভেজ স্টোরকে ১৫ হাজার, আকাশ ফুড কর্নারকে ৩ হাজার ও কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় খাবারের দোকানগুলো থেকে নিম্ন মানের তেল এবং বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করা হয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম