জরিমানা আদায়
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ভূগর্ভস্থ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত করার অভিযোগে নাভানা লিমিটেডের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে একই অপরাধে মৌচাক-মগবাজার-মালিবাগ ফ্লাইওভার তৈরির ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন থেকে ৮৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মুনীর চৌধুরী জানান, নাভানা লিমিটেড ঢাকা ওয়াসার ভূগর্ভস্থ পাইপলাইন স্থাপনের ঠিকাদারি পেয়েছে। পাইপলাইন বসানোর সময় কারওয়ান বাজার এলাকায় ডিপিডিসির ১১ কেভি ভূগর্ভস্থ কেবলের ক্ষতি করে নাভানা। এ কারণে শনিবার রাত পৌনে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন ডিপিডিসি লাইন মেরামত করে।
একই অভিযোগে চলতি মে মাসের প্রথম সপ্তাহে তমা কনস্ট্রাকশনের কাছ থেকে ৮৬ লাখ টাকা জরিমানা আদায় করে ডিপিডিসি।