ঢাকার হাজারীবাগের ট্যানারি শিল্পকে দ্রুত সাভারের পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরে সরিয়ে নিতে বলেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি ঢাকায় পরিবেশ দূষণের জন্য ট্যানারিগুলোর কাছ জরিমানা আদায় করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে গতকাল বৃহস্পতিবার এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে জানান, সরকার অবিরাম পরিবেশবান্ধব ঢাকা শহরের কথা বলে যাচ্ছে। অথচ ট্যানারিগুলো বিরামহীন ঢাকার পরিবেশ দূষিত করে যাচ্ছে। এ জন্য দেশের আইনে জরিমানার বিধান আছে। তাই কমিটি এসব ট্যানারির কাছ থেকে জরিমানা আদায় করতে বলেছে। সেই সঙ্গে দ্রুত ট্যানারিগুলোকে সাভারে সরিয়ে নিতে বলেছে। তিনি জানান, ঢাকা শহরের চারপাশে তিন কিলোমিটারের মধ্যে যেসব ইটভাটা রয়েছে, সেগুলো আগামী ৩০ জুনের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে।কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার বলেন, ‘সাভারের পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরের সব অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা তাঁদের কারখানা সরাচ্ছেন না। কমিটি আগামী ৩০ জুনের মধ্যে এসব কারখানা সাভারে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে বলেছে।’ মোমিন তালুকদার বলেন, ‘ট্যানারির পরিবেশ দূষণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রভাবশালীরা চামড়া শিল্পের সঙ্গে যুক্ত থাকায় কারখানা সরাতে সমস্যা হচ্ছে। তবে সরকার চাইলে এটা সম্ভব।’আবদুল মোমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী, এম এ জব্বার, সোহরাব আলী সানা ও পারভীন তালুকদার অংশ নেন।