জরিমানা করছিলেন বেশ ম্যাজিস্ট্রেট আসায় বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন আল ফারুক গত রোববার কর্ণফুলী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। বন্দর চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করা একটি দেশীয় কোস্টার জাহাজকে আদালত জরিমানা করেন। কিন্তু জাহাজের মাস্টার ও নাবিকেরা একই দিন দুই ম্যাজিস্ট্রেটকে জরিমানার টাকা দিতে আপত্তি জানান। তাঁরা বলেন, আগে একজন তো জরিমানার টাকা নিয়ে গেছেন, আবার কেন!পরে বন্দর ম্যাজিস্ট্রেট জানতে পারেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক তৌহিদুল ইসলাম খন্দকার তাঁর কার্যালয়ের তিনজন কর্মচারী ও চার-পাঁচজন পুলিশ কনস্টেবল নিয়ে কর্ণফুলী নদীতে নোঙর করা দেশীয় জাহাজে জরিমানা করছিলেন। তিনি বিআইডব্লিউটিএর ওই কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়াই তিনি নিয়ম ভেঙে জরিমানা আদায় করছিলেন। পরে তৌহিদুল ইসলাম দলবল নিয়ে চলে যান।অভিযোগ পাওয়া গেছে, গত বোরবার বিআইডব্লিউটিএর ওই কর্মকর্তা তাঁর কার্যালয়ের তিন কর্মচারী ও পুলিশ নিয়ে জাহাজপ্রতি এক হাজার টাকা করে জরিমানা আদায় করছিলেন। বিআইডব্লিউটিএর গতকাল সোমবার ও আজ মঙ্গলবার এভাবে জাহাজ থেকে জরিমানা আদায়ের কথা ছিল। কিন্তু রোববারের ঘটনার পর ওই অভিযান বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রমতে, ২০০৩ সালের ৬ ডিসেম্বর জারি করা গেজেট অনুযায়ী নৌ-সংরক্ষণ ও পথনির্দেশনা (পাইলটেজ) ফিস বিধিমালার শর্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর মোহনা থেকে রামগতি পর্যন্ত অভ্যন্তরীণ নদীপথে যাতায়াতকারী নৌযানকে নির্ধারিত হারে মাশুল দিতে হয়। মাশুল বকেয়া পড়লে বছর শেষে বিআইডব্লিউটিএর উচ্চপর্যায়ের তিন সদস্যের সার্ভিল্যান্স দল করে প্রথমে জাহাজ আটক এবং পরে জরিমানাসহ বকেয়া আদায়ের বিধান রয়েছে।তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটা ভ্রাম্যমাণ আদালত ছিল না, ‘আমরা জাহাজগুলোকে চেক করছিলাম মাত্র।’ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না থাকা সত্ত্বেও জাহাজপ্রতি জরিমানা আদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এটা আর করব না। বন্দর মেজিস্ট্রেটের সঙ্গে আলাপ হয়েছে। অভিযানে গেলে তাঁকেই নিয়ে যাব।’বিআইডব্লিউটিএর অভিযানে পুলিশ দেওয়া প্রসঙ্গে নগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার (ডিসি পোর্ট) কুসুম দেওয়ান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। ভবিষ্যতে এ ধরনের অভিযানে আমরা আর কোনো পুলিশ দেব না।’ বন্দর ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন বলেন, ‘বকেয়া মাশুলের জন্য প্রথমে জাহাজ আটক এবং পরে জরিমানা ও মাশুল আদায়ের বিধান আছে। কিন্তু বিআইডব্লিউটিএর কর্মকর্তারা সেটা না করে শুধু জরিমান করছিলেন। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়া কেউ কাউকে জরিমানা করতে পারেন না।