জরিমানা করায় কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম বাজারে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করায় ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখেন ব্যবসায়ীরা। পরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে তাঁকে মুক্ত করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন খান ও বিএসটিআই রাজশাহী কার্যালয়ের পরিদর্শক অনিমেশ মজুমদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে কুড়িগ্রাম বাজারের কালীবাড়ি এলাকায় যান। গ্রামের বদলে ভরি হিসেবে স্বর্ণ কেনাবেচা করায় আদালত দুটি স্বর্ণালংকারের দোকানকে মোট এক হাজার ৫০০ টাকা জরিমানা করেন। পরে আদালত জনতা বস্ত্রালয়ে গিয়ে মিটারের পরিবর্তে গজ হিসেবে কাপড় বিক্রির অপরাধে ৩০০ টাকা জরিমানা করেন। এ সময় ওই দোকানের মালিকের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে বাজারের অন্য বস্ত্র ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালতের অন্যদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা এসে তাঁদের উদ্ধার করেন। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে স্থানীয় সাংসদ মো. জাফর আলী ঘটনাস্থলে এসে তাঁদের শান্ত করেন।কুড়িগ্রাম বাজারের বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রওশন আমিন রিন্টু বলেছেন, ‘মোকাম থেকে গজ হিসেবে কাপড় আসে। আমরা সেই হিসাবে কাপড় বিক্রি করি। এ জন্য জরিমানা করা উচিত হয়নি।’ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে। জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান জানান, ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে বিষয়টি সুরাহা করা হয়েছে।