জরিমানা দিতে না পারায়...
গ্রাম্য সালিসের সিদ্ধান্ত অনুসারে জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান এক স্কুলছাত্রকে আটকে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। জয়পুরহাটের আক্কেলপুরের সোনামুখী ইউনিয়নে গতকাল রোববার এ ঘটনা ঘটে।উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম রনি হোসেন (১৫)। সে উপজেলার পলাশবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং জাফরপুর গণিপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হলেন, সোনামুখী ইউপির চেয়ারম্যান সোলাইমান আলী।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামে একটি সংঘর্ষের ঘটনায় ৪ মার্চ স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে সালিস-বৈঠকের আয়োজন করেন সোলাইমান আলী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সালিসে রনিসহ চারজনকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এ টাকা দিয়ে সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হবে। রনি ছাড়া অন্য তিনজন জরিমানার টাকা চেয়ারম্যানের কাছে দিয়ে দেন। জরিমানা না দেওয়ায় গতকাল ভোর ছয়টায় রনিদের বাড়িতে পাঁচজন চৌকিদার পাঠান ইউপির চেয়ারম্যান।রনির মা নুর নাহার বেগম জানান, সকালে পাঁচজন চৌকিদার এসে রনিকে ধরে ইউপির কার্যালয়ে নিয়ে যান। বিষয়টি তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানাকে জানান। মাহফুজা সুলতানা বিষয়টি আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান।দুপুরে ওসির নির্দেশে থানার সহকারী উপপরির্দশক শামিম হোসেন ইউপির কার্যালয়ে গিয়ে রনিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রনির বাবা শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে মারামারির সঙ্গে জড়িত ছিল না। তার পরও সালিসে চেয়ারম্যান আমার ছেলেকে জরিমানা করেছেন।’সোলাইমান আলী জানান, নির্ধারিত সময়ের মধ্যে রনি জরিমানার টাকা দিতে পারেনি। এ কারণে চৌকিদার পাঠিয়ে রনিকে ডেকে আনা হয়েছে।