মানিকগঞ্জ শহরে অবৈধভাবে রক্ত সংগ্রহ করে ব্যবসার অভিযোগে অবৈধ একটি প্যাথলজি সেন্টারের মালিককে আটকের পর জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় ব্যাগ রক্ত। গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত শহরের বাসস্ট্যান্ড এলাকার কথিত ওই প্যাথলজি সেন্টারে অভিযান চালান।মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ বিষয়টি জেলা প্রশাসককে জানায়। জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত বাসস্ট্যান্ড এলাকার ‘দেশ সেবা ব্লাড অ্যান্ড প্যাথলজি সেন্টার’ থেকে ছয় ব্যাগ রক্তসহ মালিক শামীম মিয়াকে আটক করেন। আদালত ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায়ের পর শামীমকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।পুলিশি হেফাজতে শামীম জানান, তিন মাসেরও বেশি সময় ধরে তিনি অবৈধভাবে রক্তের ব্যবসা করছেন। দেশের বিভিন্ন জেলা থেকে কাজের সন্ধানে মানিকগঞ্জে আসা যুবকদের কাছ থেকে তিনি ৩০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে প্রতি ব্যাগ রক্ত সংগ্রহ করতেন। প্রতি ব্যাগ রক্ত তিনি ৫০০ থেকে দেড় হাজার টাকায় মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে বিক্রি করেন।শামীমের কথিত প্যাথলজি সেন্টারে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি টিনের ঘরের মধ্যে শহীদুল ইসলাম নামের এক যুবককে স্যালাইন দিয়ে শুইয়ে রাখা হয়েছে। তিনি এতটাই দুর্বল যে ভালোভাবে কথা বলতে পারছিলেন না। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামে। ওই ঘরের এক কোণে রয়েছে পুরোনো একটি ফ্রিজ। ফ্রিজের ভেতর মাছ আর ফলের সঙ্গে রাখা হয়েছে রক্তের ব্যাগ।শহীদুল জানান, দিনমজুরের কাজ করার জন্য তিনি কয়েক মাস আগে মানিকগঞ্জে আসেন। বাসস্ট্যান্ড এলাকায় শামীমের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত তিন মাসে তিনি-চারবার রক্ত দিয়ে এক হাজার ৬০০ টাকা পেয়েছেন। বারবার রক্ত দেওয়ায় অসুস্থ হয়ে পড়লে গতকাল তাঁকে স্যালাইন দিয়ে শুইয়ে রাখা হয়। সেখান থেকে তাঁর মতো মো. বাবু (২১), মামুন (২৩) ও আবদুল জলিলকে (২২) আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আদালতের নির্দেশমতো জরিমানা আদায়ের পর রাত আটটার দিকে শামীমকে ছেড়ে দেওয়া হয়েছে।