জরিমানা দিয়ে দণ্ড থেকে রক্ষা পেলেন পরিদর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে মুঠোফোনে পরীক্ষার্থীকে দিয়ে বাইরে কথা বলানোর দায়ে মফিজ উদ্দিন (৪৫) নামের এক প্রভাষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তিনি ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে দণ্ড থেকে রেহাই পান।

আজ বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে পরিদর্শকের সঙ্গে মুঠোফোন রাখা নিষেধ থাকা সত্ত্বেও বেগম আমেনা সুলতান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রর পরিদর্শক দাউদকান্দি মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবী বিষয়ের প্রভাষক মফিজ উদ্দিন তাঁর মুঠোফোন দিয়ে এক ছাত্রীকে বাইরে থাকা অভিভাবকের সঙ্গে কথা বলতে দেন। এ সময় ইউএনও কেন্দ্র পরিদর্শনে গিয়ে তা ধরে ফেলেন। পরে মফিজ উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ওই কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী নকলের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন।