জরিমানা দিয়ে রক্ষা পেলেন চেয়ারম্যান
জরিমানা ও মুচলেকা দিয়ে রক্ষা পেলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। জানা গেছে, কঞ্চিপাড়া ইউনিয়নের সড়ক মেরামতের লক্ষ্যে দুই বছরের জন্য ১০ জন দুস্থ কর্মক্ষম নারীশ্রমিক নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
গত শনিবার কঞ্চিপাড়া ইউপি চত্বরে ইউএনও মোস্তাফিজুর রহমান ও উপজেলা প্রকৌশলী আখতারুল আহসানের উপস্থিতিতে লটারির মাধ্যমে ১০ জন শ্রমিক নিয়োগ করা হয়। কিন্তু পছন্দের শ্রমিক নিয়োগ না পাওয়ায় ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক তাঁর লোকজন নিয়ে উপজেলা প্রকৌশলীকে ঘেরাও করেন। তিনি উপজেলা প্রকৌশলীর কাছ থেকে শ্রমিক নিয়োগের কাগজপত্র ছিনিয়ে নেন। পরে ভ্রাম্যমাণ আদালতের দুজন বিচারক রাফিউল ইসলাম ও রাহাত মান্নাফ ওই চেয়ারম্যানকে ৪০০ টাকা জরিমানা করেন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটাবে না বলে তাঁর কাছ থেকে ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়।